ভারতকে হারিয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৩:২৯ এএম

ভারত-পাকিস্তান মুখোমুখি মানেই যে কারগিল-সিয়াচেনের উত্তাপ, মেয়েদের ক্রিকেটে বোধহয় কথাটা সত্যি নয়। নাহলে ভারতের নারী দলের কোচ রমেশ পাওয়ার অবলীলায় কীভাবে বলেন যে, সেমিফাইনালের সমীকরণ নিশ্চিত হওয়াতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং অর্ডার নিয়ে খানিকটা পরীক্ষা-নিরীক্ষা করেছেন! পাকিস্তানের বিসমা মারুফের মেয়ে ফাতিমাকে আদর করছেন স্মৃতি মান্দানা-জেমিমা রদ্রিগেসরা মেয়েদের বিশ্বকাপের সময়ে ভাইরাল হওয়া সেই ভিডিওতেও তো অকৃত্রিম ভালোবাসার বহির্প্রকাশ। কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা বিসমাহ তো বলেই গেলেন, মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে তাদের সম্পর্ক বন্ধুর মতোই।

থাইল্যান্ডের কাছে হারের দুঃসহ স্মৃতি পাকিস্তান ভুলেছে ভারতের বিপক্ষে ১৩ রানের জয়ে। টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান তুলেছিল ৬ উইকেটে ১৩৭ রান। ৩৭ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছেন নিদা দার। সঙ্গে অধিনায়ক বিসমাহর ৩৫ বলে ৩২ আর মুনিবার ১৭ বলে ১৭ রান। ২৭ রানে ৩ উইকেট দীপ্তি শর্মার। টি-টোয়েন্টিতে ১৪০-এর নিচের লক্ষ্য ভারতের জন্য সহজই হওয়ার কথা। কাজটা কঠিন করেছে

পাকিস্তানের ফিল্ডিং। সাতটা ক্যাচ আর একটা রানআউটেই আসলে ফল নিজেদের পক্ষে নিয়ে আসে পাকিস্তান, ম্যাচ শেষে বিসমাহ যেটা মেনেও নিয়েছেন।

ভারতীয় ব্যাটিংলাইনে কিছুটা অদলবদল। অধিনায়ক হারমানপ্রিত কউর ব্যাট করেছেন অনেক নিচে। কোচ রমেশ পাওয়ারের ভাষ্যমতে, সামনে বিশ্বকাপের আগে দলের মিডল অর্ডারকে চাপের মুখে ব্যাট করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতেই এই পন্থা।

শেষ দিকে ১০ বলে ১৮ রানের সমীকরণটা ছেলেদের ক্রিকেটে আজকাল অনায়াসে মিলিয়ে ফেলছেন অনেকে, রিচা সেই পথে খানিকটা গিয়ে আর পারেননি। ১৯.৪ ওভারে ১২৪ রানেই অলআউট ভারত। ১৩ বলে ৩ ছক্কায় ২৬ রান করা রিচার ইনিংসটাই সর্বোচ্চ। হেমলতা ২০ আর স্মৃতি মান্দানা করেছেন ১৫ রান। পাকিস্তানের নাসরা সান্ধু নিয়েছেন ৩ উইকেট, জোড়া শিকার নিদা দার ও সাদিয়া ইকবালের। হাফসেঞ্চুরি আর জোড়া শিকারে ম্যাচসেরা নিদাই। ভারতকে হারিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে পাকিস্তানও। দুই দলেরই ৪ ম্যাচে ৩ জয় ১ হারে ৬ পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত