ইউরোপায় গোল মিস রোনালদোর

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৩:৩০ এএম

ইউরোপা লিগে সাইপ্রাসের ক্লাব ওমোনিয়া নিকোসিয়ার বিপক্ষে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। তবু শেষ পর্যন্ত ম্যানইউ ৩-২ গোলে হারিয়েছে নিকোসিয়াকে। এদিন ম্যাচের শুরুর একাদশে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোলের সহজ এক সুযোগ মিস করে জাগিয়েছেন বিস্ময়।

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুর একাদশে সুযোগ পান না রোনালদো। এদিন ইউরোপা লিগে খেলেছেন পুরো ৯০ মিনিট। রাশফোর্ডের দ্বিতীয় গোলে অ্যাসিস্ট রোনালদোরই। তবে এদিন রোনালদো যে গোল মিস করেছেন তা তার নামের সঙ্গে যায় না। ম্যাচের ৭৭ মিনিটে ৬ গজ দূর থেকে গোলের সুযোগ পেয়ে মিস করেন। বাঁ দিক থেকে বল বাড়িয়েছিলেন দিওগো দালোত। রোনালদোর সামনে তখন শুধু ওমোনিয়ার একজন ডিফেন্ডার। কিন্তু তার শট লাগে পোস্টে। হতাশায় দুই হাত মুষ্টি করে আকাশে ছুড়েন। যেন তার নিজের কাছেই অবিশ্বাস্য লাগছিল কী করলেন!

রোনালদো মিস করলেও স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  ৫৩ ও ৮৪ মিনিটে মার্কাস রাশফোর্ড এবং ৬৩ মিনিটে আন্তনি গোল করলে লিড পায় রেড ডেভিলরা। ৮৫ মিনিটে নিকোসিয়ার নিকোলাস আরেক গোল শোধ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত