গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গতকাল শুক্রবার সকালে তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সেখানে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার বঙ্গবন্ধু এবং অন্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাতে যোগ দেন।
শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা তার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন, যিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াবহ রাতে কিছু বিপথগামী সেনা সদস্যের দ্বারা পরিবারের সদস্যদেরসহ নির্মমভাবে নিহত হন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পদ্মা বহুমুখী সেতু পার হয়ে সকাল ১০টা ১০ মিনিটে সড়কপথে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া যাওয়ার পথে পদ্মা সেতুতে ১৭টি গাড়ির টোল দিয়েছেন জাতির জনকের ছোট মেয়ে শেখ রেহানা। প্রধানমন্ত্রী বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। বাসস।
