২ লাখের ফুলদানি বিক্রি হলো ৯২ কোটি টাকায়

আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ০৪:১২ এএম

দেড় হাজার থেকে দুই হাজার ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ টাকা) বিক্রির আশায় নিলামে তোলা হয়েছিল একটি চায়নিজ ফুলদানি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শেষ পর্যন্ত নিলামে এর দাম উঠেছে প্রায় ৮৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৯২ কোটি টাকার বেশি। নীল-সাদা রঙের ফুলদানিটি ফ্রান্সে নিলামে তোলে নিলাম সংস্থা ‘ওজেনাট অকশন হাউজ’। ওজেনাট অকশন হাউজের কর্ণধার জ্যঁ পিয়ের ওজেনাট সিএনএনকে জানিয়েছেন, নিজের দাদির কাছ থেকে ফুলদানিটি পেয়েছিলেন এক ব্যক্তি। তিনি তাদের সঙ্গে যোগাযোগ করে ফুলদানিটি বিক্রি করে দেন।

জ্যঁ পিয়ের আরও জানান, এটা তাদের জীবন পুরোপুরি বদলে দেবে। তিনি আরও বলেন, ওই ব্যক্তির দাদির কাছে ফুলদানিটি ৩০ বছর ছিল। নিলামে তোলার আগে এটি যখন প্রদর্শনীতে ছিল তখনই অনেকে এর বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন।

শুরুতে ৩০০-৪০০ জন ফুলদানিটির বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তবে নিলামে মাত্র ৩০ জনকেই অংশ নিতে দেওয়া হয়েছিল। নিলামে যাদের অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় তাদের প্রত্যেককেই কিছু অর্থ আগে জমা করতে হয়। নিলামে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে ১০ জনের কোনো দাম বলার আগেই এর দাম ৫০ লাখ ইউরো ছাড়িয়ে যায়।

ওজেনাট অকশন হাউজ থেকে এর আগে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিল নেপোলিয়নের ব্যবহৃত একটি  তলোয়ার। বিক্রি হয়েছিল ৬৪ লাখ ডলারে। তবে ফুলদানিটির দাম ৮৮ লাখ ডলারে উঠতে পারে বলে কখনো চিন্তা করেনি তারা। জ্যঁ পিয়ের বলছেন, ‘কখনো কখনো এমন হয় যে, নিলামে যারা অংশ নেন তাদের দু-তিনজন ভুল করে কোনো কিছুকে অতিমূল্যায়িত করে ফেলেন। তাই বলে ৩০০ জনের একসঙ্গে ভুল হওয়ার কথা নয়।’

তিনি আরও বলেন, ‘এখানে বাজারের আসল চিত্রটাই এসেছে। এখন আমার সত্যিই বিশ্বাস হচ্ছে ফুলদানিটি অষ্টাদশ শতাব্দীর। এটি এখন হয়তো কোনো জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হবে, তবে আমি নিশ্চিত নই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত