আড়াই বছর পর প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমেছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে রান উৎসবের পাশাপাশি ছড়াল রোমাঞ্চ। হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। যে লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে সফরকারী ইংল্যান্ডের। ৪০৮ রানের ম্যাচে ৮ রানে জিতেছে জস বাটলারের দল।
টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা নিয়ে আফসোস করতেই পারেন অজি ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ। ইংলিশ অধিনায়ক জস বাটলার আর অ্যালেক্স হেলসের ৬৮ বলের স্থায়ী ওপেনিং জুটিতেই আসে ১৩২ রান! ৩২ বলে ৮ চার এবং ৪ ছক্কায় ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন বাটলার। অন্যপ্রান্তে সেঞ্চুরির কাছে চলে গিয়েছিরেন হেলস।
ঝাই রিচার্ডসনের শিকার হওয়ার আগে খেলেছেন ৫১ বলে ১২ চার ৩ ছক্কায় ৮৪ রানের ইনিংস। এছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান পাননি। তাতে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২০৮ রান। অজি ডানহাতি পেসার নাথান এলিস নিয়েছেন ২০ রানে ৩ উইকেট।
জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল নড়বড়ে। দলীয় ১৫ রানে ফিরেন ক্যামেরন গ্রিন। এরপর ৭১ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। ২৬ বলে ৩৬ রান করা মার্শকে বোল্ড করেন আদিল রশিদ সেই জুটি ভাঙেন। তবে ঠিকই ফিফটি তুলে নেন ওয়ার্নার। মার্ক উডের বলে আউট হওয়ার আগে খেলেন ৪৪ বলে ৮ চার ২ ছক্কায় ৭৩ রানের মারকুটে ইনিংস।
এরপর ওয়েডের ২১, স্টয়নিসের ৩৫ ও ফিঞ্চের ১২ রানে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০০ রানে থামে অজিদের ইনিংস। ৩৪ রানে ৩ উইকেট নেন মার্ক উড। ২টি করে নিয়েছেন টপলি আর স্যাম কুরান। ম্যাচসেরা হয়েছেন অ্যালেক্স হেলস।
