শেষ ছয় টি-টোয়েন্টিতে টাইগাররা খেলেছে ২৭১ ডট বল

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৮:০২ পিএম

পাকিস্তানের বিপক্ষে ৫২টি। নিউজিল্যান্ডের ম্যাচে সেটা কমে ৫০। টি-টোয়েন্টি সংস্করণের ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচে ১০২টি ডট বলে খেলেছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ব্যাটারদের যেখানে লক্ষ্য থাকে কম ডট বলে বেশি রান সংগ্রহ করা, টাইগার ব্যাটাররা সেখানে চলছেন স্রোতের বিপরীতে।

টি-টোয়েন্টি যেখানে মাত্র ১২০ বলের খেলা। ব্যাটারদের লক্ষ্য থাকে সিঙ্গেলস-ডাবলস নিয়েও যেন সচল রাখা যায় রানের চাকা। কিন্তু বাংলাদেশ দলে যেন সবকিছুই উল্টো। প্রায় প্রতি ম্যাচেই পঞ্চাশটির মতো ডট বল প্রতিপক্ষকে উপহার দিয়ে যাচ্ছেন তারা। শট খেলার সুযোগ না থাকলেই তারা লুফে নেন ডট বলকে।

সবশেষ ছয় ম্যাচে বাংলাদেশ খেলেছেন ২৭১টি ডট বল। এশিয়া কাপ থেকে শুরু আজ নিউজিল্যান্ডের ম্যাচ অবধি ৬ ম্যাচে ৭২০ বল মোকাবেলায় ২৭১টিতেই কোনো রান করতে পারেনি টাইগাররা।  

চলতি ত্রিদেশীয় সিরিজে ইতোমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। হেরেছে দুটিতেই। উভয় ম্যাচেই প্রতিপক্ষ ডট বল পেয়েছে পঞ্চাশটিরও বেশি। এমনকী সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষেও প্রথম ম্যাচে ৫১টি আর দ্বিতীয় ম্যাচে ৩৫টি ডট বল দিয়েছে বাংলাদেশি ব্যাটাররা।

এর আগে এশিয়া কাপেও শ্রীলংকার বিপক্ষে ৪১টি এবং আফগানিস্তানের বিপক্ষে ৪২টি ডট বল দেখা গেছে। পরিসংখ্যানেই প্রমাণ, দিনে দিনে ডট বল দেওয়ার প্রবণতা বেড়েই চলছে। আজ বাংলাদেশের চার টপ অর্ডার ব্যাটার একশর নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আরও চারজনের স্ট্রাইকরেট ছিল একশর আশেপাশেই। মুখে ভয়ডরহীন ক্রিকেট, ইমপ্যাক্ট, ইনটেন্ট, মানসিকতা পরিবর্তনের কথা শোনা যায়; কিন্তু বাস্তবে তার কিছুই দেখা যায় না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত