বিনিয়োগ বাড়াতে চায় জাপানি কোম্পানিগুলো

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০১:০৯ এএম

বাংলাদেশে জাপানের বিনিয়োগ ১৯৭৩ সাল থেকে। জাপানি কোম্পানিগুলোর জোট জেট্রোর মাধ্যমে ৩৩৮টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে আসছে। বিনিয়োগের সম্ভাবনা থাকায় ভারতীয় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বিনিয়োগ বাড়াতে চায় জাপানের ৬৮ শতাংশের বেশি কোম্পানি।

গতকাল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)’র মাল্টিপারপাস হলে, বিডা  বেজা ও জেট্রোর যৌথ আয়োজনে ‘ওয়েলকামিং ইনভেস্টমেন্ট ফ্রম জাপান, লেসন ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জেট্রোর প্রতিনিধি জুজি অ্যান্ডো এমন আগ্রহের কথা জানান।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেট্রো’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেট্রোর চিফ ডিরেক্টর জেনারেল তাকাশি সুজুকি।

অনুষ্ঠানে জেট্রোর নয়াদিল্লির চিফ ডিরেক্টর জেনারেল তাকাশি সুজুকি ভারতীয় অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে বিভিন্ন খাতে অধিক পরিমাণ জাপানি বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। এ সময় জাপানি বিনিয়োগের মডেল নিয়ে আলোচনা করেন তিনি।

অনুষ্ঠান জেট্রো’র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার এবং পরবর্তী সময়েও এ ধারা অব্যাহত থাকবে।  এ সময় তিনি বিনিয়োগকারীদের আরও আগ্রহী করতে বাংলাদেশের ক্রেডিট রেটিং বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে  বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, জাপানি বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) মাধ্যমে দিন দিন বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হওয়া এবং উৎপাদন খরচ কম হওয়াই বিনিয়োগ আগ্রহের কারণ। অবশ্য এখনো আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে, আমাদের দ্রুত এগুলো সমাধান করতে হবে।

শ্রমিকের দক্ষতা বৃদ্ধি, সহজে পণ্য খালাসসহ অন্য বিনিয়োগ সেবাগুলো সহজেই প্রদান করতে হবে, ফলে দেশে আরও বেশি জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন বিডার চেয়ারম্যান।

বিশেষ অতিথির বক্তব্যে বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন জাপানি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন,  আমরা ১০০টির মতো ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমাদের ইকোনমিক জোনগুলো বিনিয়োগের জন্য সব সুযোগ সুবিধা নিয়ে তৈরি আছে। এ সময় তিনি আরও অধিক পরিমাণে জাপানি বিনিয়োগের আশা প্রকাশ করেন।

এদিকে গতকাল বেজা কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এবং জেট্রোর মধ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর হয়েছে। এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এ সহযোগিতা স্মারকের মূল উদ্দেশ্য হচ্ছে আনুষ্ঠানিকভাবে বেজা এবং জেট্রোর মধ্যে সংযোগ স্থাপন করা, যার মাধ্যমে সংস্থা দুটি বিনিয়োগ তথ্য প্রচার ও বিনিময়ের জন্য একে অপরকে পরিপূরক কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেবে। এছাড়া বেজাতে বিনিয়োগের সুযোগ; উৎপাদন শিল্প, লজিস্টিকস ও অন্যান্য বিষয়ে বিনিয়োগ এবং বাণিজ্য তথ্য; বেজাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ, সুযোগ-সুবিধা এবং প্রণোদনা সংক্রান্ত তথ্য; বিনিয়োগ সুবিধা ও প্রণোদনা এবং মার্কেটিং গবেষণা ফলাফল বিষয়ে তথ্য আদান-প্রদান করা হবে।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, আড়াইহাজার, নারায়ণগঞ্জ) একটি বিশ্বমানের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার বিষয়ে এই সহযোগিতা স্মারক ব্যাপক গুরুত্ব বহন করবে। তিনি বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করছে এবং এই তথ্য আদান প্রদানের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেজা-তে বৈদেশিক বিনিয়োগের একটি ক্ষেত্র প্রস্তুত হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত