শিরোপায় চোখ রূপায়ণ সিটি কুমিল্লার

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০১:৩১ এএম

ঘরোয়া হকির পোড় খাওয়া পেনাল্টি কর্নার স্পেশালিস্ট সোহানুর রহমান সবুজ, একসঙ্গে গত বছর মেরিনার ইয়াংসের হয়ে লিগ খেলা ভারতের প্রদীপ মোর, ভারতের বিশ্বকাপ খেলা জাগজিৎ সিংকে নিয়ে প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে রূপায়ণ সিটি কুমিল্লা। এদের সঙ্গে বিশ্বমানের একজন হকি তারকা আনার পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ‘আমরা চেষ্টা করেছি একটা ব্যালান্সড দল গড়তে। যে দলটা হয়েছে তাতে আমরা খুশি। এখন একজন বিশ্বমানের খেলোয়াড়কে আনার চেষ্টা করছি। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি। বাকিটা ভবিষ্যৎ বলে দেবে’ গতকাল বলছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ও সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার। কোরিয়ান অভিজ্ঞ কোচ কিম ইয়ং কয়ুর অধীনে ১৩ অক্টোবর থেকে সাভারে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প শুরুর কথা জানান তিনি।

কিম ইয়ংয়ের সহকারী হিসেবে কাজ করবেন জাতীয় দলের সাবেক তারকা মশিউর রহমান বিপ্লব। এ ছাড়া দলটির ম্যানেজার করা হয়েছে আরেক সাবেক হকি তারকা মাহবুব এহসান রানাকে। একটা ব্যালান্সড দল গড়ার দাবি করেছেন বিপ্লব ‘আমাদের লক্ষ্যই ছিল অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের একটা মিশেল ঘটানো। আমরা দেখেছি কোন খেলোয়াড়রা কাছাকাছি সময়ে খেলার মধ্যে ছিল। আমরা যে লক্ষ্য নিয়ে এসেছিলাম তার প্রায় পুরোটাই পূরণ করতে পেরেছি। এখন ভালো একটা প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। কোরিয়ান কোচের সঙ্গে নিয়মিত কথা হয়। তিনি এলে আশা করছি দ্রুতই প্রস্তুতি শুরু করতে পারব।’

হকি লিগে বিদেশি ৬ জন আইকন খেলোয়াড় পাচ্ছেন সর্বোচ্চ ৮ হাজার ডলার (প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা)। এ ছাড়া বাংলাদেশের আইকন খেলোয়াড়রা ৫ লাখ, ‘এ’ প্লাস ক্যাটাগরির খেলোয়াড় ৪ লাখ, ‘এ’ ক্যাটাগরি ৩ লাখ, ‘বি’ ক্যাটাগরি ২ লাখ ও ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়রা ১ লাখ করে টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত