৩৩১টি জুয়ার সাইট বন্ধ করেছে বিটিআরসি

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০২:০৫ এএম

বাংলাদেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে ৩৩১টি জুয়ার সাইট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের ডিজিটাল নিরাপত্তা সেলের নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, জুয়া বা বাজি বন্ধে তাদের এ ধরনের নজরদারি কার্যক্রম চলবে। জুয়া সম্পর্কিত সাইটের তথ্য বিটিআরসিকে জানাতে নাগরিকদের প্রতিও অনুরোধ জানিয়েছেন তারা। বলা হয়, জুয়ার সাইট বন্ধ ছাড়াও জুয়া বা বাজি সংক্রান্ত ১৫০টি অ্যাপ বন্ধের জন্য রিপোর্ট করা হলে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে ১৪টি অ্যাপ বন্ধ করেছে। বাকিগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া ফেইসবুক ও ইউটিউবের মাধ্যমে জুয়া খেলার ওয়েবসাইট ও গুগল অ্যাপসের প্রচার এবং অনলাইন জুয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেয় এমন ২৭টি ফেইসবুক লিংক ও ৬৯টি ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করেছে বিটিআরসি। এর মধ্যে ১৭টি ফেইসবুক লিংক ও ১৭টি ইউটিউব লিংক বন্ধ করা হয়েছে এবং বাকি লিংক বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন। বিটিআরসি বলেছে, অ্যাপের নিয়ম অনুযায়ী খেলার চিপস কিনতে প্রয়োজন পড়ে নগদ অর্থ, ক্রেডিট বা ডেভিড কার্ড। ক্রেডিট বা ডেভিড কার্ড সহজলভ্য হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছে অনলাইন জুয়ার দিকে। কয়েকটি অপরাধী চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত