সরকারকে ফখরুল

সেফ এক্সিট নিন না হলে পালাবার পথ খুঁজে পাবেন না

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০২:২৭ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, পদত্যাগ করে সেফ এক্সিট নিন, তা না হলে পালানোর পথ খুঁজে পাবেন না।

গতকাল সোমবার নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষ জেগে উঠতে শুরু করেছে। এখনো সময় আছে নিরাপদে সরে পড়–ন। নয়তো পালাবার পথ পাবেন না। পদত্যাগ করে সংসদ ভেঙে দিন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নয়তো জনগণকে সম্পৃক্ত করে রাজপথেই সরকারকে পরাজিত করা হবে। আজ সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে। জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে। প্রয়োজনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করতে হবে।’

সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একটা সেøাগান দিয়েছেন “টেক ব্যাক বাংলাদেশ”। অর্থাৎ আমরা কোন বাংলাদেশ ফেরত চাই, যে বাংলাদেশ আমরা ১৯৭১ সালে যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। যেখানে আমরা সব মানুষের অধিকারকে রক্ষার জন্য স্বাধীন করেছিলাম। যেখানে সাম্য, মানবিক মূল্যবোধ এবং সামাজিক ন্যায়বিচার এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা একটা রাষ্ট্র তৈরি করেছিলাম, জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র তৈরি করেছিলাম সেই বাংলাদেশ আমরা ফিরিয়ে আনতে চাই।’

মির্জা ফখরুল বলেন, ‘যুক্তরাষ্ট্র মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র নেই, দেশ কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। বিএনপি দেশে শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। হাজার প্রাণ গেলেও গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘আমাদের জনগণের ওপর আস্থা আছে। আমরা বিশ্বাস করি, এ দেশের মানুষ কোনোদিন অন্যায়কে মেনে নেয়নি, কোনোদিন গণতন্ত্রের বিরুদ্ধে তারা কাউকে জয়ী হতে দেয়নি। গণতন্ত্রের পক্ষে তারা লড়াই করেছে আজ থেকে নয়, দীর্ঘকাল থেকে, শতবর্ষ থেকে। সেই দেশের মানুষ জেগে উঠছে। এখন আর বলতে হয় না, জেগে ওঠো।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল স্বাধীনতা ও গণতন্ত্রর জন্য। আজকে সেটা যদি না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের আত্মা কষ্ট পাবে। আমরা পড়ন্ত বেলায় চলে এসেছি। শেষ জীবনের শেষ যুদ্ধটা করতে চাই। দেশে গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ড. আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দীন আলম ও সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ : গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও মুসলিম লীগের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করেছে বিএনপি। আলাদাভাবে ২০ দলীয় জোটের এ দুই শরিক দলের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনের দাবিগুলো নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি এবং দাবিগুলো নিয়ে আন্দোলন করার বিষয়ে একমত হয়েছি। আমি আশা করছি, অন্য দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

সংলাপে জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী নিজ নিজ দলের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দফা সংলাপে এরই মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত