রাতের বেলা পোস্টার লাগাচ্ছেন মাহিয়া মাহি!

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০৫:৫৬ পিএম

৭ অক্টোবর মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত 'যাও পাখি বলো তারে'। ছবিটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে মাহির বিপরীতে আছেন আদর আজাদ ও শিপন মিত্র। ২১ প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকের মোটামুটি সাড়া পাচ্ছে ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটি।

ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পর এটিকে নিয়ে বেশ প্রচার-প্রচারণায় যেতে দেখা গেছে মাহিয়া মাহিকে। তবে এবারো তাকে দেখা গেল প্রচারণায়, তবে এটি কোনো ছবির নয়- এটি একটি রাজনৈতিক প্রচারণা। 

সোমবার (১০ অক্টোবর) রাতে বের হন মাহিয়া মাহি। না, তিনি রাজনীতির মাঠে নামেননি, স্বামী রকিব সরকারের জন্যই সরব হয়েছেন নায়িকা। আগামী ২০ অক্টোবর গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের সম্মেলন। এতে সাধারণ সম্পাদক প্রার্থী মাহির স্বামী রকিব।

তাই রাতের বেলা পোস্টার লাগিয়ে জনসমর্থনের চেষ্টা করছেন রাজনীতিক স্বামীর নায়িকা স্ত্রী। পোস্টার লাগানোর সময় ফেসবুক লাইভে আসেন মাহি। স্বামীর উদ্দেশে বলেন, 'আমি জীবনে প্রথম পোস্টার লাগিয়েছি। তোমার জন্য অনেক শুভকামনা।'

এরপর পোস্টার লাগানোর মুহূর্তে ধারণ করা কয়েকটি ছবি শেয়ার করেন নায়িকা। ক্যাপশনে মজার ছলে বলেন, 'রকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত