ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত সেভাবে কোনো কাজ নেই জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার। তার পারফরম্যান্স মোটেই প্রত্যাশা ছুঁতে পারেনি। তাই চাইলে এখনই তার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারত। তবে তা করতে চাইছে না বাফুফে। নভেম্বরে আলোচনা সাপেক্ষে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত মিলেছে গতকাল বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে। কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমরা কম্বোডিয়া ম্যাচ নিয়ে সন্তুষ্ট। আবার নেপাল ম্যাচ নিয়ে তৃপ্ত নই। বাহরাইন ও ইন্দোনেশিয়া ম্যাচে সন্তুষ্টি আছে, আবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে সন্তুষ্ট নই। ভালো ও খারাপ দুটোই আছে। এক ম্যাচ দিয়ে বিচার করলে চলবে না। সামগ্রিকভাবে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে জাতীয় দলে পাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন নাবিল, ‘হামজার ব্যাপারে আমরা সরাসরি তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। অতি সম্প্রতি জবাবও পেয়েছি। তার ব্যাপারে আলোচনায় বসতে আগ্রহী যেকোনো মুহূর্তে।’
×
