ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে চার পিস স্বর্ণের বারসহ এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয় ইমাম হোসেন জীবন (২৪) তার বাড়ি শরিয়তপুর জেলার পালং থানার চাতানিকান্দি গ্রামে।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে এক পাসপোর্টযাত্রী ভারতে যাচ্ছে সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থান নেয়। পরে পাসপোর্ট যাত্রী ইমাম হোসেন জীবনকে সন্দেহ হলে আটক করা হয়। এ সময় তল্লাশিকালে ইমাম হোসেনের স্বীকারোক্তিতে তার পেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় পেট এক্স-রে করে প্রায় আধা কেজি (৪৬৪ গ্রাম) ওজনের চার পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায়। পরে সেখান থেকে তা উদ্ধার করা হয়। যার মূল্য ৩২ লাখ টাকা। জব্দকৃত স্বর্ণ বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে। আটক জীবনের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
