আগ্রাসী ব্যাটেই জবাব দিচ্ছে বাংলাদেশ

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১০:৩৮ এএম

চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে দলে ফিরলেও নামতে পারেননি ওপেনিংয়ে। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে অবশেষে উদ্বোধনী ব্যাটার হিসেবে নামলেন লিটন। সঙ্গী নাজমুল হোসেন শান্তু। দুজনের শুরুতে পাওয়ার প্লেতে টাইগাররা পেয়েছে ৫২ রান। তবে বিনিময়ে দুটি উইকেট হারাতে হয়েছে।

এই ম্যাচে ভাগ্য অনেকটাই সহায় হয়েছিল নাজমুল হোসেন শান্তর। ফিরতে পারতেন শুরুতেই। ইনিংসের প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের তৃতীয় বলটি ছুঁড়েছিলেন অফ লেংথে। যা ডাউন দ্য লেগে খেলতে গিয়ে শান্তর ব্যাটে এডজ হয়ে হাওয়ায় ভাসতে থাকে। কিন্তু চার ফিল্ডার এক জায়গায় থাকলেও ক্যাচ নিতে পারেননি কেউ।

ফের জীবন পান চতুর্থ ওভারের প্রথম বলে অ্যাডাম মিলনের মিড লেংথের বল উড়িয়ে মারতে চেয়েছিলেন। মিড অনে দাঁড়িয়ে থাকা অধিনায়ক টিম সাউথির হাতে তা ধরা পড়ত। কিন্তু কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক মিস করলে ফের বেঁচে যান শান্ত।

তবে শান্তকে ফেরাতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তৃতীয় বলেই একই লেংথের ডেলিভারিতে বোল্ড হয়ে যান তিনি। ফেরার আগে ১২ বলে ১১ রান করেন তিনি। যা সাজানো ছিল দুটি চারে। বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পোরেননি তিনি।

শান্তর বিদায়ের পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি লিটনও। পরের ওভারের তৃতীয় বলে তিনিও শিকার হন মাইকেল ব্রেসওয়েলের। অফ লেংথের বল ডিপ মিডউইকেট দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন। ফেরার আগে ১৬ বলে তিন চার ও এক ছক্কায় ২৩ রানের একটি ইনিংস খেলেন।

১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৯০ রান। সাকিব ২৩ রানে অপরাজিত আছেন। ক্রিজে নেমেছে আফিফ হোসেন। দীর্ঘদিন পর দলে সৌম্য সরকার ২৩ রান করে আউট হয়েছেন।     

×
সর্বশেষ সর্বাধিক পঠিত