কেন্দ্রে অনিয়মকারীরা ভোট ডাকাত: সিইসি

আপডেট : ১২ অক্টোবর ২০২২, ০১:০২ পিএম

ব্যাপক অনিয়মের কারণে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে ৪৬ কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে অনিয়মকারীরা ভোট ডাকাত বলে মন্তব্য করেছেন  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে তিনি গণমাধ্যমকে বলেন, আমরা সিসিটিভি ক্যামেরায় সরাসরি নির্বাচন পর্যবেক্ষণ করছি। আমরা এ পর্যন্ত ৪৬টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।

কী কারণে ৪৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হলো সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনিটরে যেটা দেখছি ব্যাপক অনিয়ম। বিশেষ করে গোপন পক্ষে ভোটার ছাড়া অনধিকার প্রবেশ বা আইনভঙ্গ করে প্রবেশ করে ভোট দিয়ে দিতে আমরা স্বচক্ষে দেখেছি।

অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হবে কিনা- এবিষয়ে সিইসি বলেন, সেটা আমরা বিশ্লেষণ করবো। কিন্তু আমরা যেটা দেখেছি সেটার অ্যাকশন আমরা নিয়েছি। সেটা হলো আমরা ভোট বন্ধ করে দিয়েছি। 

নির্বাচন বন্ধের কোনও সিদ্ধান্ত নিবেন কিনা অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দেখছি, দ্রুতই এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব। 

ভোটকক্ষে ঢুকে যারা ভোট দিচ্ছে- আপনারা যে বলেছিলেন ডাকাত এরাই কী সেই ‘ডাকাত’- এ বিষয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যারা আইন মানেন না, তাদেরকে অবশ্যই আমরা দুর্বৃত্ত বলতে পারি, ডাকাত বলতে পারি। আমাদের সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমাদেরকে নির্বাচনের সংস্কৃতি পরিবর্তন করতে হবে, তাছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশন এখানে বসে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না্।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত