প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি অস্বীকার করেছেন দলটির কোচ ক্রিস্টোফ গালতিয়ের। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ‘এমবাপ্পে ক্লাব ছাড়তে চান’ এমন খবরে বিস্মিত গালতিয়ের। চ্যাম্পিয়নস লিগে বেনিফিকার সঙ্গে ম্যাচের আগে এমন খবরকে ‘গুজব’ বলে দাবি করেন তিনি। আগ্রাসী মেজাজে খেলেই এমবাপ্পে এই গুজবের জবাব দিয়েছেন বলে জানান দলটির কোচ।
এমবাপ্পের ক্লাব ছাড়ার খবর নিয়ে ইউরোপীয় ফুটবল যখন উত্তপ্ত, তখন ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনিফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। পেনাল্টি থেকে ৩৯ মিনিটে এমবাপ্পেই গোল করেছিলেন। পয়েন্ট ভাগাভাগি হওয়া এইচ গ্রুপে দুই দলের পয়েন্টই এখন সমান আট। তবে গোল ব্যবধান এগিয়ে থাকায় তালিকার শীর্ষে রয়েছে পিএসজি।
তবে এই ম্যাচে জিততে না পেরে হতাশ পিএসজি কোচ গালতিয়ের। এর জন্য দায় দিচ্ছেন তিনি গণমাধ্যমকে। স্পেন ও ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, গ্রীষ্মে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করা সত্ত্বেও এমবাপ্পে জানুয়ারিতে পিএসজি ছাড়ছেন। তবে ম্যাচ হারের পর দলটির কোচ বিষয়টি অস্বীকার করলেন।
এমবাপ্পের ক্লাব ছাড়ার বিষয়ে জানতে চাওয়া হলেন গালতিয়ের বিষয়টিকে ‘গুজব’ উল্লেখ করে বলেন, ‘আমি কিছুই জানি না। আমি শুধু জানি যে এটি একটি গুজব। মনগড়া কথা লিখে গল্পে পরিণত করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এমবাপ্পের প্রস্তুতিতে আমি অস্বাভাবিক কিছু দেখি না। সে দারুণ ছন্দে আছে। আগ্রাসী মেজাজে খেলে সে গুজবের জবাব দিয়েছে।’
এই গুজব খেলার মধ্যে কোনো প্রভাব ফেলেছে কি না জানতে চাইলে কোচ যোগ করেন, ‘আমরা খেলার দিকে পুরোপুরি মনোযোগ দিয়েছিলাম। আমি মনে করি না গুজব আমাদের প্রস্তুতিকে ব্যাহত করেছে।’
নেইমারের সঙ্গে পেনাল্টি শট নেওয়া নিয়ে এমবাপ্পের সঙ্গে পিএসজির সম্পর্কের টানাপোড়েনের বিষয়টি সামনে আসে। ব্রাজিলিয়ান সতীর্থের সঙ্গে বিবাদের জল্পনা-কল্পনার মধ্যে পিএসজিতে এমবাপ্পে তার অবস্থান নিয়ে অসন্তুষ্ট বলে জানা গেছে।
