আগের ম্যাচে তিনে ব্যাট করতে নেমেছিলেন সৌম্য সরকার। প্রায় এক বছর পর দলে ফিরে খেলেছেন ১৭ বলে ২৩ রানের একটি ইনিংস। এমন পারফরম্যান্সের পর খুশি হয়েই হয়তো ব্যাটিং অর্ডারে তাকে প্রমোশন দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। ব্যক্তিগত ঝুলিতে মাত্র ৪ রান যোগ করেই আউট হয়ে যান সৌম্য। তাতে পাওয়ার প্লেতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ।
পরীক্ষা-নিরীক্ষার একটি ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। আজ শেষ ম্যাচেও সেটাই দেখা গিয়েছে। আগের ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেন করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে আজ টাইগাররা ফের বদল এনেছিল উদ্বোধনী জুটিতে। শান্ত ও সৌম্য সরকার নেমেছিলেন ওপেন করতে। কিন্তু পরিবর্তনেও খুব একটা ফল আসেনি।
ইনিংসের প্রথম ওভারের শেষ বলটি একটু না উঠলেই নাজমুল বোল্ড হতেন! মাত্র ১ রান দিয়ে দারুণ শুরু করেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। প্রথম ওভারেই নাসিম শাহর পেসের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হয়েছে শান্তর। মোহাম্মদ হাসনাইনের করা দ্বিতীয় ওভারে জোর করে লেগে খেলতে গিয়ে বেঁচে গেছেন।
শান্তু দুইবার বেঁচে গেলেও পার পাননি সৌম্য সরকার। তৃতীয় ওভারের প্রথম বলে নাসিম শাহকে এগিয়ে এসে মারতে গিয়ে মিড অনে ক্যাচ দেন সৌম্য। গুড লেংথের বলটি মারার চেষ্টা করলেও টাইমিং ঠিকমতো না হওয়ায় মাথার ওপরে ক্যাচ ওঠে। ৪ বলে ৪ রানে ফিরে সুযোগটা নষ্ট করা সৌম্যকে টিম ম্যানেজমেন্টের পরীক্ষা তাই কাজে আসেনি।
সৌম্যের বিদায়ের পর বেশকয়েকটি দৃষ্টিনন্দর শট খেলেন লিটন দাস। হাসনাইনের একই ওভারে তৃতীয় বলটি উঠে আসায় টেনে স্ট্রেটে চার মারেন লিটন। এটি যদি সুন্দর শট হয় পরেরটি তাহলে ফ্রেমে বেঁধে রাখার মতো! ডাউন দ্য উইকেট এসে সোজা ব্যাটে হাসনাইনের মাথার ওপর দিয়ে চার। গর্জিয়াস! কোনো বোলারই এমন শট পছন্দ করবে না। ওভারে তিন চার হজম করেন হাসনাইন।
তবে পঞ্চম ওভারেই আউট হয়ে যেতে পারতেন লিটন। হাসনাইনের শেষ বলে পয়েন্টে লিটনের ক্যাচ ফেলেন শান মাসুদ। তিনি বেঁচে গেলেও ফিরতে হয়েছে এবার শান্তকে। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তুলতে না পারায় খানিকটা চাপে ছিলেন নাজমুল হোসেন। দুটি চার মেরে চাপ কাটানোর চেষ্টাও করেন। ষষ্ঠ ওভারে ওয়াসিমকে ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন নাজমুল। ১৫ বলে ১২ রানে ফিরলেন এই ওপেনার।
তাতে ৬ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৪১ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৩ ওভারে টাইগাররা ৫০ রান পূর্ণ করেছে।
