আগের ম্যাচে ওপেনিংয়ে নেমেছিলেন। তবে ইনিংসটা লম্বা করতে পারেননি। আজ খেলতে নেমেছিলেন তিনে। তাতে দুর্দান্ত রূপে ফিরেছেন লিটন দাস। তুলে নিয়েছেন ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক। দৃষ্টিনন্দন চার-ছক্কায় বাংলাদেশকেও বড় সংগ্রহের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
সৌম্যের বিদায়ের পর বেশকয়েকটি দৃষ্টিনন্দর শট খেলেন লিটন দাস। হাসনাইনের একই ওভারে তৃতীয় বলটি উঠে আসায় টেনে স্ট্রেটে চার মারেন লিটন। এটি যদি সুন্দর শট হয় পরেরটি তাহলে ফ্রেমে বেঁধে রাখার মতো! ডাউন দ্য উইকেট এসে সোজা ব্যাটে হাসনাইনের মাথার ওপর দিয়ে চার। গর্জিয়াস! কোনো বোলারই এমন শট পছন্দ করবে না। ওভারে তিন চার হজম করেন হাসনাইন।
তবে পঞ্চম ওভারেই আউট হয়ে যেতে পারতেন লিটন। হাসনাইনের শেষ বলে পয়েন্টে লিটনের ক্যাচ ফেলেন শান মাসুদ। এখানেই শেষ নয়, লিটনকে ফেরানোর আরও একটা সুযোগ এসেছিল পাকিস্তানের সামনে। তবে নানা নাটকীয়তায় ফের বেঁচে যান তিনি।
ঘটনাটি পাওয়ার প্লের শেষ ওভারে। ততক্ষণে দুই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ক্রিজে এসে লিটনের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ওয়াসিমের বলটি লেগে খেলার চেষ্টা করেছিলেন সাকিব। একবার রান নেওয়ার কথা ভেবে ক্রিজ ছেড়ে বেরিয়েও গিয়েছিলেন তিনি। লিটন ততক্ষণে পিচের অর্ধেক পেরিয়ে গেছেন! নন স্ট্রাইকে দাঁড়ানো বোলার ওয়াসিম হাতে বল পেয়েও কীভাবে উইকেট ভাঙতে পারলেন না তার কোনো ব্যাখ্যা হয় না। নিশ্চিত রান আউট থেকে বেঁচে যান লিটন।
পাওয়ার প্লেতে সব পেসারদের ব্যবহার করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু সপ্তম ওভারেই নিয়ে আসেন স্পিনার। শাদাব খানকে আক্রমণে আনলে মাত্র তিন রান নিতে পারেন টাইগার ব্যাটাররা। তবে রক্ষা পাননি মোহাম্মদ নওয়াজ।
অন্য প্রান্ত থেকেও আরেক স্পিনার মোহাম্মদ নওয়াজকে বোলিংয়ে আনেন বাবর। তৃতীয় ও পঞ্চম বলে তাঁকে দুটো চার মারেন লিটন এবং সাকিব। শেষ বলে কর্ণারের ওপর দিয়ে বিশাল ছক্কা মারেন সাকিব। নওয়াজের প্রথম ওভার থেকেই ১৭ রান তুলে নেন দুই টাইগার ব্যাটার। পরের ওভারে শাদাবকেও হজম করতে হয়েছে ছক্কা। হাঁটু গেড়ে মিড উইকেটের ওপর দিয়ে দুর্দান্ত শটে লিটন মারেন এক ছক্কা।
সাকিব লিটনের এমন ব্যাটিং চাপে ফেলে দেয় পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। নওয়াজের ওভার থেকে ১৭ রান নিলে বোলিংয়ে পরিবর্তন আনেন তিনি। ইফতিখারকে নিয়ে এলে তিনি ৭ রানের বেশি খরচ করেননি। তাতে ১০ ওভারে ৮০ রান তুলে নেয় বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ১৩ ওভার শেষে ১০৪ রান করেছে। লিটন ৫৬ ও সাকিব ৩০ রানে অপরাজিত আছেন।
