বড় জয়ে জাতীয় লিগ শুরু সিলেট বিভাগের

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০২:৪৬ পিএম

আগের দিন ২ রানে পিছিয়ে থেকে খেলা শেষ করেছিল চট্টগ্রাম। স্কোরবোর্ডে তখন সংগ্রহ হয়েছিল ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান। আজ সকালে ব্যাটিংয়ে নামার পর ৫২ রান তুলতেই হারিয়ে ফেলে বাকি ৬ উইকেটও। তাতে শেষ দিনে সিলেট পায় মাত্র ৫১ রানের লক্ষ্য। সেটা টপকাতে তাই কোনো বেগই পেতে হয়নি। ৯ উইকেটের সহজ জয়ে ম্যাচ শেষ করেছেন জাকির হাসানরা।

জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রামে নিজেদের প্রথম ম্যাচে সিলেটের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন অফস্পিনার নাঈম আহমেদ। ৪২ রান খরচায় ১১ মেইডেনসহ নিয়েছেন ৫টি উইকেট। এছাড়া নাবিল সামাদ শিকার করেছেন আরও ৪ উইকেট। একটি উইকেট পেয়েছেন শাহনুর আহমেদ।

তাদের আঁটোসাটো বলে মাত্র ৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতেই হোঁচট খেতে হয় সিলেটকে। তৃতীয় ওভারেই তারা হারায় ওপেনার ইমতিয়াজ হোসেন তান্নাকে। তবে বাকি পথটা তৌফিক খান তুষার ও অমিত হাসান দারুণভাবে এগিয়ে নিয়েছেন। তাতে ৯ উইকেটের সহজ জয়ে জাতীয় লিগ শুরু করলো সিলেট। কোচ হিসেবে জয়ে অভিষেক হলো নাজমুল হোসেনেরও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত