ইতিহাস গড়ে সেরা চারে নাম লেখানো থাইল্যান্ড নারী দলকে সেমিফাইনালেই থামতে হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকার কাছে ১ রানে হেরে বিদায় নিয়েছে পাকিস্তানও। আগামী শনিবার একই মাঠে ভারত-শ্রীলংকা মুখোমুখি হবে ফাইনালে।
সকালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান থাই অধিনায়ক নেরুয়েমল চাইওয়াই। নির্ধারিত ওভার শেষে ১৪৮ রান করে ভারত। শেফালি ভার্মা ৪২, হারমানপ্রিত কৌর ৩৬ এবং জেমিমা রদ্রিগেস ২৭ রান করেন। থাইল্যান্ডের হয়ে সোরনারিন টিপোচ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।
১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭৪ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড। অধিনায়ক নেরুয়েমল চাইওয়াই ও নাত্তায়া বুচাথাম দুজনেই সর্বোচ্চ ২১ রান করে সংগ্রহ করেন। এছাড়া আর কোনো ব্যাটারই দুই অংকের ঘরে যেতে পারেননি। ভারতের হয়ে দীপ্তি শর্মা তিনটি, রাজেশ্বরি গায়কোয়াদ দুটি, রেনুকা-রানা ও শেফালি ভার্মারা নেন একটি করে উইকেট। ব্যাট বল হাতে সমান নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন শেফালি।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালের শ্রীলংকার কাছে ১ রানে হেরেছে পাকিস্তান। আগে ব্যাট করে লংকানরা ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন হার্শিতা সামারাবীক্রামা, আনুশকা সেঞ্জেওয়ানি করেন ২৬ রান। পাকিস্তানের হয়ে নাশরা সান্ধু সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন।
১২৩ রানে লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান থেমে যায় ১২১ রানেই। তাতে ১ রানে আক্ষেপে পুড়তে হয় তাদের। অধিনায়ক বিসমাহ মারুফ সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া নিদা দার করেন ২৬ রান। শ্রীলংকার হয়ে ইনোকা রানাবীরা দুই উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।
