দুই পর্বের বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০১:৪৭ এএম

করোনা মহামারীর কারণে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল বিশ্ব ইজতেমা। করোনার প্রকোপ কমে আসায় আগামী বছরের মুসল্লিদের বড় এই ধর্মীয় সমাবেশ হবে। দুই পর্বের এই আয়োজন শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি। প্রথম পর্ব হবে ১৩-১৫ জানুয়ারি ও দ্বিতীয় পর্ব ২০-২২ জানুয়ারি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈঠকে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আসাদুজ্জামান খান বলেন, টঙ্গীতে ঐতিহাসিক যে বিশ্ব ইজতেমা হয়ে থাকে গত দুই বছর করোনার জন্য তা অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, ২০২৩ সালে বিশ্ব ইজতেমা সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে করা যায়।

তবে ইজতেমা করতে গিয়ে একটু মতবিরোধ রয়েছে এবং এখনো আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মতবিরোধ নিরসনে গতবার আমরা দুই ভাগে ইজতেমা করার জন্য পরামর্শ দিয়েছিলাম, তারা সেটা করেছে। এবারও ঠিক সেভাবেই করতে বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এক দলের নেতা হলেন মাওলানা যুবায়ের আহমদ এবং অন্য দলের নেতা হলেন ওয়াসিফুল ইসলাম। দুজনই আগে একসঙ্গে তাবলিগ করতেন। এখন তারা দুজন দুই প্রান্তে চলে গেছেন। তাদের সবাইকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা এসেছেন। তারা যেন বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সুসম্পন্ন করেন, এরকম একটা অনুরোধ রেখেছিলাম। পাশাপাশি আরও একটি অনুরোধ করেছি যে দুজন একত্রিত হয়ে সিদ্ধান্ত দেন, কে আগে করবেন কে পরে করবেন কিংবা একসঙ্গে করতে পারবেন কি না। তারা একসঙ্গে করতে একমত হতে পারেননি। কিংবা কে আগে করবেন, কে পরে করবেন, সে বিষয়েও একমত হতে পারেননি। আমাদের ওপর সিদ্ধান্তের ভার দিয়েছিলেন। আমরা তখন তাদেরকে জানিয়ে দিয়েছি। আমরা কোনো কিছু পরিবর্তন করব না। গতবার যেভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল এ বছরও সেভাবে অনুষ্ঠিত হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে (গতকাল) সিদ্ধান্ত হয়েছে, বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে। দুই পর্বে আয়োজন করা হবে। প্রথম পক্ষ যুবায়ের গ্রুপ আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত করবে। তারা আয়োজন শেষে ইজতেমার মাঠ প্রশাসনকে বুঝিয়ে দেবেন। প্রশাসন মানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক ও স্থানীয় মেয়রকে মাঠ সুন্দর করে বুঝিয়ে দেবে। এরপর দ্বিতীয় পক্ষ মাঠ ইজতেমার উপযোগী করে ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা সম্পন্ন করবে।

তিনি বলেন, যেসব বিদেশি এখানে আসবেন তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আর ছোট বা সীমিত পরিসরে করার জন্য তাদেরকে বলা হয়েছে। তারা সেটিই করবে।

১৮৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগতীরে টঙ্গীর বিশাল ময়দানে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত