বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী সৌদি

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০১:৫৭ এএম

তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বাণিজ্য সক্ষমতার বিষয়ে আন্তর্জাতিকভাবে প্রচার-প্রসারে গুরুত্বারোপ করেছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি। গত বুধবার রিয়াদে তার কার্যালয়ে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এসব বিষয়ে গুরুত্বারোপ করেন। সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহামারী কাটিয়ে উঠে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী জানান, এটা বাংলাদেশের সক্ষমতার বহিঃপ্রকাশ। ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিদ্যমান রয়েছে। এ সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি এ বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে সব সহযোগিতার আশ্বাস দেন বৈঠকে।

মন্ত্রী ২০১৯ সালে তার বাংলাদেশ সফরের উল্লেখ করে জানান, তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে অদূর ভবিষ্যতে পৃথিবীতে বাংলাদেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের মধ্যে নেওয়া সাম্প্রতিক উদ্যোগের বিষয়ে সৌদি বাণিজ্যমন্ত্রীকে অবহিত করেন। তিনি এ মাসের শেষে দুই দেশের মধ্যে হতে যাওয়া ১৪তম যৌথ কমিশন সভার বিষয়েও অবহিত করেন।

রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশ থেকে সৌদি আরবে ১৩৭টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সহায়তা চান। মন্ত্রী এ বিষয়ে কার্যকরী সহায়তার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের মৎস্য, হালাল মাংস, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, ইলেকট্রনিকস ও সিরামিক পণ্যের মতো অগ্রসর বিভিন্ন খাতের উল্লেখ করে সৌদি আরবে এসব পণ্য আমদানি বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া দুপক্ষের মধ্যে বাংলাদেশে চলমান সৌদি বিনিয়োগ এবং এ বিষয়ে সৌদি প্রস্তাবের ওপরও বৈঠকে আলোচনা হয়।

রাষ্ট্রদূত ২০১৯ সালে তার বাংলাদেশ সফরের সময় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর জন্য ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ প্রতিষ্ঠার বিষয়ে দুপক্ষের সম্মতির কথা উল্লেখ করে এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর সহায়তা চান। এ ছাড়াও তিনি এফবিসিসিআই ও ফেডারেশন অব সৌদি চেম্বার্স অ্যান্ড কমার্সের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত হয়েছে জানতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রদূত সৌদি আরবের বাণিজ্যমন্ত্রীর কাছে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর দেওয়া সৌদি ব্যবসায়ী প্রতিনিধিসহ সফরের আমন্ত্রণ পৌঁছে দেন। ড. মাজিদ বিন আবদুল্লাহ আল-কাসাবি তাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত