শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে করোনার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, করোনা টিকা গ্রহণের সাফল্যের ক্ষেত্রে সারা বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। দেশের অধিকাংশ মানুষ ও প্রায় সব শিক্ষার্থীকে ইতিমধ্যে আমরা টিকার আওতায় নিয়ে এসেছি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরে বড়স্টেশন মোলহেডে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পরে তিনি পদ্মা ও মেঘনায় নৌ-পুলিশের উদ্যোগে আয়োজিত নৌ-র্যালিতে অংশগ্রহণ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশে^ প্রথম। আমাদের উচিত ইলিশ মাছকে ডিম ছাড়ার সুযোগ করে দেওয়া। মনে রাখবেন, অভয়াশ্রমের সময়ে কোনো ভাবেই মা ইলিশ ধরা যাবে না। ইলিশ ডিম ছাড়ার সুযোগ পেলে আগামীতে আরও বেশি পরিমাণে জাটকা উৎপাদন হবে।
