নারী শ্রমিকদের সুরক্ষায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সঙ্গে যৌথভাবে কাজ করবে জাতিসংঘ জরুরি শিশু তহবিল (ইউনিসেফ)। গতকাল বৃহস্পতিবার ইউনিসেফ জানায়, ‘মাদারস অ্যান্ড ওয়ার্ক’ প্রকল্পের আওতায় পোশাক কারখানায় সন্তানকে দুধ খাওয়ানোর জায়গা ও বিরতি, শিশু যতেœর সুবিধা, বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, নগদ সুবিধা, স্বাস্থ্যসেবা, চাকরির সুরক্ষা এবং কর্মজীবী মা ও গর্ভবতীদের জন্য একটি নিরাপদ কাজের পরিবেশ তৈরির লক্ষ্যে সব ধরনের সহায়তা দেবে তারা।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, কর্মক্ষেত্রে নারীদের জন্য লক্ষ্যযুক্ত সহায়তা দেওয়া এবং নারীরা যাতে কর্মক্ষেত্রে যোগদান করতে পারেন তা নিশ্চিত করার পাশাপাশি তাদের সন্তানদের যতœ নেওয়ার জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা, নারীদের এবং তাদের শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এমন একটি বিনিয়োগ যা থেকে সবাই উপকৃত হবেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, পোশাক কারখানায় নিয়োজিত মা এবং গর্ভবতী নারীদের জন্য কর্মক্ষেত্রকে নিরাপদ রাখা অপরিহার্য, যাতে তাদের সুস্থতা রক্ষা করা যায় এবং তাদের শিশুদের সুস্থ বিকাশে সহায়তা করার জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয়।
