মার্চের মধ্যে ঋণ পরিশোধ করবে শ্রীলঙ্কা

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০২:২৯ এএম

চরম আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে যে ২০ কোটি ডলার দিয়েছিল বাংলাদেশ তা আগামী মার্চ মাসের মধ্যে ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। ওয়াশিংটনে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বৈঠকে শ্রীলঙ্কার কাছ থেকে টাকা ফেরত পাওয়ার আশ্বাস মিলেছে বলে জানান তিনি।

বিশ^ব্যাংক-আইএমএফ সভায় যোগ দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এখন ওয়াশিংটনে আছেন। গত বুধবার ওয়াশিংটনে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের তিনি বলেন, ‘শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটের কারণে সময়মতো টাকাটা আমাদের ফেরত দিতে পারেনি। ফলে আমরা দুই দফা মেয়াদ বাড়িয়েছি। আগামী ফেব্রুয়ারি ও মার্চে তিন কিস্তিতে টাকা ফেরত দেওয়ার কথা।’

তিনি বলেন, ‘আমার সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরাসিংহে। তিনি বলেছেন তারা ভারত, চীন, জাপানের সঙ্গে ঋণ চুক্তি পুনর্গঠন করছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে একটা কর্মসূচিতে যাচ্ছে শ্রীলঙ্কা। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত চুক্তিতে যাবে।’

তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে ২০২১ সালের মে মাসে মুদ্রা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে ২০ কোটি ডলার নিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ কিছু শর্তসাপেক্ষে এ ঋণ দিয়েছিল। প্রথম শর্ত অনুযায়ী ঋণের পরিমাণ একবারে ২০ কোটি ডলারের বেশি নয়। প্রথম কিস্তি পরিশোধের জন্য শ্রীলঙ্কা তিন মাস সময় পাবে এবং এ সময় সুদের হার হবে লাইবরের সঙ্গে ২ শতাংশ। লন্ডন ইন্টারব্যাংক অফারড রেট বা লাইবর হলো আন্তর্জাতিক অঙ্গনে স্বল্পমেয়াদে ঋণ দেওয়ার জন্য প্রচলিত সুদের হার।

প্রথম তিন মাসে ঋণ শোধ করতে না পারলে শ্রীলঙ্কাকে আরও তিন মাস সময় দেওয়া হবে। দ্বিতীয় তিন মাসেও সুদের হার সমান থাকবে। তবে ছয় মাস এক দিন পর থেকে পরের তিন মাসে সুদের হার হবে লাইবরের সঙ্গে ২.৫ শতাংশ। চলতি বছরের মে মাসে ঋণ পরিশোধ করতে না পারায় আগামী বছরের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়।

এদিকে মহামারী করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে চাহিদামতো ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায়ও আগের মতো পাশে থাকবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংক গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বন। তিনি বলেন, ‘খাদ্য সংকট, অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি মোকাবিলায় বাংলাদেশের সাফল্য নজরকাড়ার মতো। বাংলাদেশ তাদের প্রবৃদ্ধি, সাফল্য ও উন্নয়ন চলমান রাখতে পারায় আমরা সন্তুষ্ট।’

বাংলাদেশের রিজার্ভ সহায়তায় ঋণ দিতে আগ্রহ জানিয়েছে জেপিমর্গান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বলে জানিয়েছেন গভর্নর আবদুর রউফ তালুকদার। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত