বৈশ্বিক ক্ষুধা সূচকে (জিএইচআই) গত বছরের তুলনায় অবনতি হয়েছে বাংলাদেশের। গত বছর ৭৬তম অবস্থানে ছিল বাংলাদেশ, এবার ৮৪তম স্থানে চলে গেছে। প্রতিবেশী ভারত (১০৭তম) ও পাকিস্তানের (৯৯তম) চেয়ে এগিয়ে থাকলেও অর্থনৈতিক সংকটে টালমাটাল শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। তালিকায় শ্রীলঙ্কা আছে ৬৪তম অবস্থানে।
গতকাল বৃহস্পতিবার আয়ারল্যান্ডভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মানির ওয়েল্ট হাঙ্গার হিলফ যৌথভাবে বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২২ প্রকাশ করেছে। ১২১টি দেশ সূচকের আওতায় এসেছে।
অর্থনৈতিক পরিস্থিতি, শিশু স্বাস্থ্য আর সম্পদ বণ্টনে বৈষম্যের মতো বিষয়গুলোকে মাপকাঠি ধরে ক্ষুধা সূচক তৈরি করা হয়। বিবেচনায় রাখা হয় অপুষ্টি, পাঁচ বছরের কমবয়সী শিশুদের উচ্চতা, মৃত্যুহার, উচ্চতার তুলনায় ওজন প্রভৃতি। চলতি বছরের এই সূচকে বাংলাদেশের স্কোর ১৯ দশমিক ৬।
জিএইচআই সূচকে বাংলাদেশের চেয়ে উপরে আছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। ১৩ দশমিক ৬ স্কোর নিয়ে দেশটি ৬৪তম অবস্থানে রয়েছে। এরপর ১৫ দশমিক ৬ স্কোর নিয়ে ৭১তম স্থানে রয়েছে মিয়ানমার। অন্যদিকে, বাংলাদেশের আরেক প্রতিবেশী ভারতের অবস্থান ১০৭তম। আর এই সূচকে ২৬ দশমিক ১ স্কোর নিয়ে ৯৯তম স্থানে রয়েছে পাকিস্তান।
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বে গুরুতর ক্ষুধা পরিস্থিতি বিরাজ করছে দক্ষিণ এশিয়ায়। এরপরই সাহারার দক্ষিণের আফ্রিকা অঞ্চল আছে দ্বিতীয়তে।
