জনগণ নিজের ভোট নিজে দিতে চায়: গয়েশ্বর

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ০৭:২৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের দাবি তারা নিজের ভোট নিজে দিতে চায়। এটা কোনো রাজনৈতিক দলের দাবি না, জনগণের দাবি।

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিভাগীয় বিএনপি এই সভার আয়োজন করে।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে সরকার নতুন নতুন কৌশল অবলম্বন করতে পারে। বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসবে। যদি এমন কোনো বাধা অতিক্রম করতে কষ্ট হয়, যেখানে বাধা আসবে, সেখানেই যুদ্ধ করতে হবে।

জনগণ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, যা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সম্ভব না। গাইবান্ধার উপনির্বাচন তারই প্রমাণ। গাইবান্ধায় আবারও প্রমাণ হয়েছে, এই সরকারের হাতে ন্যূনতম ক্ষমতা থাকা অবস্থায় কোনো নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। কেউ কেউ বলছে, নির্বাচন কমিশন যে সৎ সেটা প্রমাণ করার জন্য সম্ভবত এই নির্বাচন স্থগিত করেছে।

পাশাপাশি, তাদের অক্ষমতাও পরিস্কারভাবে প্রমাণিত। সুতরাং আমাকেও যদি নির্বাচন কমিশনের প্রধান করা হয়, আমি নিজের ভোটটা দিতে পারবো কিনা সন্দেহ, যোগ করেন গয়েশ্বর।

তিনি বলেন, মূল দাবি যদি আমরা আদায় করতে চাই, তাহলে এই সংসদ বিলুপ্ত করতে হবে সরকারের পতন নিশ্চিত করতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। সেই নির্দলীয় নিরপেক্ষ সরকার পরবর্তীতে একটি নির্বাচন কমিশন গঠন করবে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা অতিসত্ত্বর প্রত্যাহার করতে হবে।

স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের মান-অভিমান ভেঙে জনসভায় একত্রিত করবেন। বিভাগে একটি গণজোয়ার সৃষ্টি করবেন। যদি গণজোয়ার সৃষ্টি হয়, সেই জোয়ারেই ভেসে যাবে আওয়ামী লীগ, দুর্বৃত্তায়ন অথবা পুলিশের অতিউৎসাহী কর্মকাণ্ড।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আরও বক্তৃতা করেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাসহ খুলনা বিভাগের ১০ জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক ও সদস্য সচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত