দীর্ঘ বিরতির পর নতুন সিনেমায় পূর্ণিমা

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০১:৫৮ এএম

কদিন আগেই জানা গেছে, নির্মাতা ছটকু আহমেদের নতুন সিনেমায় অভিনয় করছেন ঢালিউডের গ্ল্যামার কুইন পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। এতে ফেরদৌস আহমেদ আছেন পূর্ণিমার সঙ্গে। আরও আছেন সুচরিতা, শাহনূর, মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাসের মতো অভিনয়শিল্পীরা। সেপ্টেম্বরের শুরুর দিকে ‘আহারে জীবন’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন পূর্ণিমা। তখন নির্মাতা ছটকু আহমেদ জানিয়েছিলেন, ১৬ অক্টোবর থেকে শুরু হবে শ্যুটিং। সেটাই হচ্ছে। দীর্ঘদিনের বিরতি পেরিয়ে পূর্ণিমা আগামী রবিবার থেকে আবার সিনেমার চরিত্র হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। পূর্ণিমা বলেন, ‘ছটকু ভাই আমাদের দেশের একজন সিনিয়র নির্মাতা। তিনি দীর্ঘদিন পর একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন, তাতে আমি কাজের সুযোগ পেয়েছি, এটা ভীষণ ভালো লাগার। করোনার সময়টা আমাদের সবার জীবনেই গভীর ছাপ রেখে গেছে। সেটা পর্দায় তুলে আনা হচ্ছে। গল্পটি খুব ভালো। আমার বিশ্বাস, সিনেমাটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, রবিবার থেকে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট, হজক্যাম্পসহ বিভিন্ন জায়গায় চলবে ‘আহারে জীবন’-এর শ্যুটিং। করোনাকালে কিছু ঘটনা নিয়েই সিনেমার গল্প সাজিয়েছেন নির্মাতা ছটকু আহমেদ। এতে ফেরদৌস অভিনয় করবেন পুলিশ কর্মকর্তার চরিত্রে। আর সহজ-সাধারণ এক মেয়ে দোলা চরিত্রে থাকবেন পূর্ণিমা। ‘আহারে জীবন’ সিনেমার নির্মাতা ছটকু আহমেদ বাংলা চলচ্চিত্রের অতিপরিচিত এক নাম। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু তার। এরপর তিন শতাধিক সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন। ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’, ‘বুক ভরা ভালোবাসা’সহ অনেক সিনেমা পরিচালনা করেছেন ছটকু আহমেদ।

সেই যে বছর দুয়েক আগে ‘গাঙচিল’ নামে একটি সিনেমার শ্যুটিং করেছিলেন পূর্ণিমা, এর পর থেকে সব ধরনের গল্প-চরিত্র-চিত্রনাট্যের বাইরে তিনি। তবে ক্যামেরা থেকে একেবারে দূরে ছিলেন না। নন-ফিকশন অনুষ্ঠান করেছেন বিভিন্ন সময়ে। আর নিয়মিত করেছেন উপস্থাপনা। শুধু টিভির পর্দায় নয়, দেশের বিভিন্ন করপোরেট শোয়ে পূর্ণিমাকে পাওয়া গেছে মঞ্চে, উপস্থাপক হিসেবে। তবে যে কারণে তিনি আজকের পূর্ণিমা হয়ে উঠেছেন, জায়গা করে নিয়েছেন কোটি দর্শকের মনে; সেই সিনেমায় তিনি ফিরলেন অনেক দিন পর। এ খবরে পূর্ণিমা-ভক্তরা নিশ্চয়ই আনন্দ পাবেন।

শুধু সিনেমা নয়, পূর্ণিমা শিগগিরই ফিরছেন ছোট পর্দায়ও। তিনি কয়েক বছর ধরে দেশের বড় বড় রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেকে মনে করেন, রিয়েলিটি শোয়ের বিচারে পূর্ণিমার জুড়ি মেলা ভার। হোক সেটা সৌন্দর্য প্রতিযোগিতা কিংবা রান্নার অনুষ্ঠান। পূর্ণিমা আবারও ফিরছেন দেশের অন্যতম বড় আয়োজন রান্নার রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনি ২০২২’ নিয়ে। এর আগেও এই প্রতিযোগিতার রিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই নায়িকা।

এদিকে পূর্ণিমার সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ করলে দেখা যায়, তিনি ব্যক্তিজীবন নিয়েও বেশ সুখে আছেন। নতুন নতুন সংসার সেভ উপভোগ করছেন এই নায়িকা। স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি শেয়ার করেন মাঝেমধ্যেই। নতুন জুটিকে মানায় বেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত