২০১৮ থেকেই র‌্যাবকে সহায়তা বন্ধ যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০২:১৫ এএম

র‌্যাব গঠন ও প্রশিক্ষণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মানবাধিকার লঙ্ঘনে দায়ী হিসেবে বিশ্বাসযোগ্য তথ্য থাকায় আমরা র‌্যাবকে সহায়তা করা ২০১৮ সালেই বন্ধ করেছি।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, র‌্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে। ওয়াশিংটনে গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে নেড প্রাইস বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ‘গুরুতর ও ভয়ংকর’ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে র‌্যাব ও এর সাবেক-বর্তমান আট কর্মকর্তার ওপর ২০২১ সালের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। র‌্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের তখনকার আইজিপি বেনজীর আহমেদের পাশাপাশি র‌্যাবের তখনকার মহাপরিচালক ও নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নামও সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

নেড প্রাইসকে প্রশ্ন করা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের পরামর্শেই র‌্যাব সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রই র‌্যাবকে প্রশিক্ষণ দিয়েছে। র‌্যাবের প্রশিক্ষণ, রসদ ও অস্ত্রশস্ত্রÑসবই যুক্তরাষ্ট্রের দেওয়া। যুক্তরাষ্ট্র যেভাবে প্রশিক্ষণ দিয়েছে, সেভাবেই তারা কার্যক্রম চালাচ্ছে। এ বক্তব্যের ব্যাপারে তার মন্তব্য জানতে চাইলে নেড প্রাইস বলেন, ‘বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০১৮ সাল থেকে র‌্যাবকে সহযোগিতা দেওয়া আমরা বন্ধ করে দিই। গ্লোবাল ম্যাগনিটস্কি আইনের আওতায় র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে আমরা ২০২১ সালের ডিসেম্বরে নিষেধাজ্ঞা দিয়েছি। অর্থাৎ নিষেধাজ্ঞার আগেই আমাদের সহযোগিতা দেওয়া বন্ধ হয়ে যায়।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে মানবাধিকারের গুরুত্বের কথা তুলে ধরে নেড প্রাইস বলেন, এটা বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশ বা বিশ্বের যেকোনো প্রান্তেই হোক না কেন, আমরা মানবাধিকার সমুন্নত রাখার বিষয়টিকে পররাষ্ট্রনীতির কেন্দ্রে রাখি। এই অঙ্গীকারের ধারাবাহিকতায় এ বিষয়টিতে মনোযোগ আনার পাশাপাশি যারা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের সামনে নিয়ে আসি। র‌্যাব ও এর ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এবং ভিসায় বিধিনিষেধের লক্ষ্য হচ্ছে, বাহিনীটিতে জবাবদিহি ও সংস্কার নিশ্চিতের পাশাপাশি বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘন রোধ করা।

নেড প্রাইস বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি অপরাধ দমনে নিজেদের সামর্থ্য, বিচারিক কার্যক্রম এবং আইনের শাসনের সুরক্ষা জোরদারের লক্ষ্যে অংশীদার দেশগুলোর সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার সময় মৌলিক নীতিগুলোর বিকাশ হয়ে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত