আরও ৩১০ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৫:০৭ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩১০ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে কেউ মারা যায়নি।

আগের দিন গত বৃহস্পতিবার দেশে এ বছরের সর্বোচ্চ ৭৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। সেদিন এ বছরের সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয় । এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ২৩ হাজার ৫৯২ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসের ১৪ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৫০০ জন। এ সময় মারা গেছে ২৮ জন। এর আগে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ হাজার ৯১১ জন ও মারা যায় ৩৪ জন। গত আগস্টে হাসপাতালে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ও মারা গিয়েছিল ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে,  ১৭ হাজার ৪৫৬ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৬ হাজার ১৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ১৯৭ জন ঢাকায় ও ১১৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৭১৫ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৯১৬ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ৭৯৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত