প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও আপসহীন নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বে মর্যাদার আসন পেয়েছে জানিয়ে তাকে মঙ্গলপ্রদীপ হিসেবে উল্লেখ করেছেন বিশিষ্টজনরা। গতকাল শুক্রবার বিকেলে শেখ হাসিনার জন্মজয়ন্তী উপলক্ষে ‘পিতার হাতে স্বাধীন দেশ, কন্যার হাতে উন্নত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সংস্কৃতিবিষয়ক উপকমিটি এ আলোচনা সভার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনার নেতৃত্ব ও জীবন দর্শনের ওপর আলোচনা হয়। এতে অংশ নেন সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, মুক্তিযোদ্ধা আরমা দত্ত ও রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং সংস্কৃতি সচিব আবুল মনসুর প্রমুখ। তারা বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অঙ্গীকার পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল। সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান ড. এ কে এম নূরুজ্জামান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ফাতিমা আক্তার লুনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়। একইসঙ্গে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের অনলাইন মুখপত্র ‘মহানগর ডট নেট’ ও ‘মহানগর’ নামে দুটি ইউটিউব চ্যানেলের উদ্বোধন করা হয়।॥
