'মা হওয়ার পর নাচ কিসের? বাড়ি বসে বাচ্চা মানুষ করুন'

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৯:৩০ পিএম

বিয়ে হয়ে গিয়েছে। দুই সন্তানের মা। তার পরও নাচ? কথা শুনতে হয়েছিল অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। বিয়ের পর একজন নারী সম্পর্কে কিভাবে দৃষ্টিভঙ্গি বদলে ফেলে সমাজ, এখনো ভুলতে পারেন না তিনি। দুই ছেলের জন্মের পর বলিউড থেকে বিরতি নিয়েছিলেন 'দিল তো পাগল হ্যায়'-এর নায়িকা। তাই বলে কাজে ফিরবেন না, এমন তো ভাবেননি!

তিনি হাসলেই যেন মুক্তো ঝরে। তার চাহনিতে কত যে পুরুষের হৃদয় 'ধক ধক' হয়েছে, তার ইয়ত্তা নেই। বয়স বাড়লেও চাকচিক্য কমেনি। বরং যত দিন গেছে, ততই মোহময়ী হয়ে উঠেছেন বলিউড ডিভা মাধুরী দীক্ষিত।

১৯৯৯ সালে যখন শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করলেন মাধুরী, লোকে বলেছিলেন, এবার তো বাড়ি বসে সংসারের কাজ সামলালেই পারেন। মা হওয়ার পর তাকে আর বলিউডে মানায় না- এমন কথাও বলছিলেন এক দল। যদিও এসবে অবাক হননি মাধুরী। ছবির দুনিয়া থেকে সাময়িক বিরতি নিয়ে আমেরিকায় চলে গিয়েছিলেন তিনি। আবার ফেরেন 'আজা নাচলে' ছবি দিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী অতীত ফিরে দেখলেন। সদ্য মুক্তি পাওয়া ছবি 'মাজা মা' নারীর বিবাহিত জীবনের সঙ্গে শিল্পীসত্তার সংঘাত নিয়েই। সেই ছবির সংলাপ টেনে বললেন, 'এ রকম তো সত্যিই হয়। কত মানুষ আছেন, যাদের বিবাহিত নারীকে কর্মজীবনে দেখলেই চোখ টাটায়। তাদের মনোভাব এ রকম যে, মা হয়েছ, আবার নাচ কিসের? বাড়িতে থাক, সন্তান পালন কর। নারীরা গৃহস্থালি আর বাচ্চা সামলাবে, এটাই বেশির ভাগ মানুষ চান। যদিও তারা বোঝেন না, মহিলারা এসব সামলেই সব কিছু করেন।'

মাধুরী আরো জানান, এখনকার দিনেও বধূরা সম্মান পান না। তাদের নিজস্ব পরিচিতি ভুলে গিয়ে পরিবারের যন্ত্রে পরিণত হওয়ার মন্ত্র দেওয়া হয়। যার বিরোধিতা করছেন মাধুরী। বললেন, 'গৃহবন্দি না রেখে বিবাহিত নারীকেও কিছু করতে দেওয়া হোক, যাতে তার নিজস্বতা বজায় থাকে?'

দীপাবলির আগে নিজেই নিজেকে এক বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন বলিউড ডিভা। তার নতুন ঠিকানা মুম্বাইয়ের লোয়ার পারেল এলাকা। গত ২৮ সেপ্টেম্বর ফ্ল্যাটটির নথিভুক্তিকরণ হয়। জানা গেছে, মাধুরীর ফ্ল্যাটটি রয়েছে বহুতলের ৫৪ তলায়।

'ধক ধক গার্ল'-এর এই নতুন ফ্ল্যাটটিরও দাম জানলে চমকে যাবেন। ফ্ল্যাটটি কিনতে মাধুরীকে গুনতে হয়েছে ৪৮ কোটি টাকা। সূত্র : হিন্দুস্তান টাইমস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত