পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক। নিয়ন্ত্রক সংস্থা এসইসির অনুমোদন পাওয়ার পর এখন ব্যাংকটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) তারিখ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির আইপিও আবেদন শুরু হবে আজ রবিবার থেকে, চলবে ২০ অক্টোবর পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) থেকে আইপিওর মাধ্যমে ফিক্সড প্রাইস (স্থির মূল্য) পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা মূলধন উত্তোলনের অনুমোদন পায় গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
এসইসি জানায়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৪২ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি উত্তোলন করবে গ্লোবাল ইসলামী ব্যাংক। উত্তোলিত অর্থ এসএমই, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।
