সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা মানতে হবে বিএনপিকে

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:৪১ এএম

বিএনপির নেতা-কর্মীদের লাঠিসোঁটা নিয়ে আসা আইনসিদ্ধ নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা তাদের মেনে চলতে হবে। তারা যদি রাস্তা অবরোধ করেন কিংবা ভাঙচুর করেন, জনজীবনে দুঃসহ অবস্থা তৈরি করেন, তাহলে আমাদের করার কিছু আছে।’

গতকাল শনিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আয়োজিত মিনি ম্যারাথন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, বিএনপি নেতা-কর্মীদের ঘোষণা দিয়ে বলে দেওয়া হয়েছিল, তারা যেন লাঠিসোঁটা নিয়ে আসে। এটা কি ইঙ্গিত বহন করেছিল, আমরা সেটা জানতাম না, জানিও না। আমরা লক্ষ করেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় তারা পেছনে লাঠি এবং সামনে লাঠির ওপরে তাদের দলীয় পতাকা উড়িয়ে এসেছে। এগুলো মিন করে কী, আপনারা নিজেরাও বোঝেন, নিজেরাও জানেন।’

তিনি বলেন, ‘আমরা তাদের (বিএনপি) বলি, আপনারা নির্বিঘ্নে  আপনাদের পলিটিক্যাল অ্যাকটিভিটিস (রাজনৈতিক কর্মকা-) করুন, সেখানে আমাদের কিছু ভাবার নেই। কিন্তু লাঠিসোঁটা ক্যারি (বহন) করা, এটা আইনগত সিদ্ধ নয়।’

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা যেটা বলছেন, জায়গায় জায়গায় তাদের ওপর হামলা করা হচ্ছে। আমি সবাইকে বলব, তাদের ভাষা, তাদের বাক্য এবং তাদের সবকিছু যেন পরিমিতভাবে ব্যবহার করেন। কারও প্রতি এমন কিছু যাতে না বলেন, যাতে করে তারাও বিক্ষোভ প্রকাশ করে কিংবা প্রতিরোধ তৈরি করে।’ তিনি বলেন, ‘যত ঘটনা ঘটেছে আমাদের দুই দলের মধ্যে, এমন ধরনের স্লোগান কিংবা বাগ্্বিতণ্ডা হয়েছে, সে জন্যই এ ঘটনাগুলো ঘটছে, আমরা যতটুকু শুনেছি।’

আসাদুজ্জামান খান বলেন, ‘রাতে সমাবেশস্থলে কর্মীরা কেন বসে থাকবে, সেটাও আমাদের জিজ্ঞাসা। সবকিছু মিলেই আমরা মনে করি, সবাই যেন আইন মেনে চলে। সুশৃঙ্খল অবস্থায় যার যার কর্মকাণ্ড করবে, এটাই আমি আশা রাখি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের পাশেই থাকবে, তারা যাতে কোনো ভাঙচুর অথবা কোনো বিশৃঙ্খলায় লিপ্ত না হয়, তারা সে বিষয়ে খেয়াল রাখবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত