উখিয়ার ক্যাম্পে ২ রোহিঙ্গা নেতাকে ছুরি মেরে হত্যা

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:৪৩ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আনোয়ার (৩৫) ও মৌলভী ইফনুস (৩৮)। এ ঘটনার পর থেকে ক্যাম্পের অভ্যন্তরে সাঁড়াশি অভিযান শুরু করেছে বলে এপিবিএনের এক কর্মকর্তা জানিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, ১৫-২০ জনের একটি দুষ্কৃতিকারী দল সন্ধ্যায় ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ আনোয়ারকে দোকানের সামনে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় সাব মাঝি মৌলভী মো. ইউনুসকেও কুপিয়ে গুরুতর আহত করে। প্রচ- রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে মারা যান সাব মাঝি। এ ঘটনার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে হেড মাঝি আনোয়ারকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পে থাকা একটি হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত আনোয়ারের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার-মিডিয়া মোহাম্মদ ফারুক আহমদ বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ঘটনার পরপর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

তাসনিমারখোলা আশ্রয় শিবিরের রোহিঙ্গা নেতাদের দাবি, প্রত্যাবাসনের পক্ষে কাজ করায় মো. আনোয়ার ও মো. ইউনুসকে হত্যা করা হয়েছে। হামলাকারীদের কয়েকজন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য। এ নিয়ে গত তিন মাসে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরে প্রত্যাবাসনের পক্ষের অন্তত ১১ জন রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত