ইউক্রেনে আর বড় ধরনের হামলা চান না পুতিন

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ০৬:৪৩ এএম

ইউক্রেনে নতুন করে বড় ধরনের হামলার কোনো প্রয়োজন নেই। রাশিয়া দেশটিকে ধ্বংস করে দিতে চায় না। এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। গত শুক্রবার কাজাখস্তানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘তিনি আংশিক সেনা সমাবেশের যে ঘোষণা দিয়েছেন সেটির প্রক্রিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। এরপর নতুন করে আবারও সেনা সমাবেশের কোনো পরিকল্পনা ক্রেমলিনের নেই।’

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুতিন বলেন, ‘ইউক্রেনকে ধ্বংস করে দেওয়ার কোনো ইচ্ছে বা পরিকল্পনা আমাদের নেই। একটি দেশ ধ্বংস হয়ে যাক, তা আমরা কখনো চাইব না। এ কারণে সেখানে আর বড় কোনো হামলা হবে না।’

এশীয় এবং ইউরেশীয় দেশগুলোর জোট কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) সম্মেলনে যোগ দিতে গত ১৩ অক্টোবর কাজাখস্তানের রাজধানী আস্তানায় যান রাশিয়ার প্রেসিডেন্ট। সেখানেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একাধিক সাংবাদিক জানিয়েছেন, শুক্রবারের সংবাদ সম্মেলনে পুতিনের চিরাচরিত গম্ভীর-দৃঢ় চেহারা দেখা যায়নি, বরং এদিন তার চেহারা ও কণ্ঠস্বর ছিল বেশ কোমল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত