মেসির এই আর্জেন্টিনা কঠিন প্রতিপক্ষ

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৪৫ পিএম

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে পোল্যান্ড। আসছে কাতার বিশ্বকাপেও পরের রাউন্ডে যেতে বড় পরীক্ষার মুখে পড়বে পোলিশরা। সেই পথে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ দেখছেন পোলিশ অধিনায়ক রবার্ট লেভানডফস্কি।

গেল বিশ্বকাপে তিন ম্যাচের একটি জিতে গ্রুপে সবার নিচে থেকে শেষ করেছিল পোল্যান্ড। সেটি ছিল লেভার প্রথম বিশ্বকাপ। ওই আসর দিয়েই এক যুগ পর বিশ্ব মঞ্চে ফিরেছিল পোল্যান্ড। রাশিয়া আসরে কোনো গোল পাননি লেভানডফস্কি। এবার তিনিই দলটির মূল ভরসা। ক্লাব ফুটবলে গোল মেশিন নামে নিজেকে প্রতিষ্ঠিত করা ৩৪ বছর বয়সী লেভানডফস্কি বলেছেন, ‘ওটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশা। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার কারণেই শুধু নয়, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কোনো সুযোগ তৈরি করতে পারিনি। আমি কোনো সুযোগই পাইনি, একটি গোলও করতে পারিনি। বিষয়টি এখনো কষ্ট দেয় আমাকে।’

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পোল্যান্ডের তিন প্রতিপক্ষ আর্জেন্টিনা, মেক্সিকো ও সৌদি আরব। লেভা আরও বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে বেশি কিছু বলার নেই। তারা বড় দল, আমার মতে টুর্নামেন্ট জেতার জন্য সবচেয়ে ফেভারিটদের একটি। মেসির মতো একজন কিংবদন্তি তাদের নেতা। কোনো সন্দেহ নেই যে তাদের বিপক্ষে আমাদের সবচেয়ে কঠিন ম্যাচটা হবে।’ রেকর্ড ৩৫ ম্যাচ অপরাজিত আছে দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। মেক্সিকো ও সৌদি আরবকেও খাটো করে দেখছেন না লেভা। ‘মেক্সিকো কঠিন প্রতিপক্ষ, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত তারা লড়াই করে এবং কখনো হাল ছাড়ে না। ম্যাচটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে। সৌদি আরবের চমকে দেওয়ার সামর্থ্য আছে। আমরা জানি, তাদের রক্ষণজমাট এবং ম্যাচে পরিস্থিতি অনুযায়ী কৌশলগত ফুটবল খেলতে পারে।’

এবারের বাছাইপর্বে ৯ ম্যাচে ৯ গোল করেন লেভানডফস্কি। দীর্ঘদিন বায়ার্ন মিউনিখে খেলে গত জুলাইয়ে বার্সেলোনায় আসা দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ফর্মে আছেন। বিশ্বকাপ আসরে কেমন করেন সেটি হবে দেখার বিষয়। ১৯৩৮ সাল থেকে বিশ্বকাপ চূড়ান্তপর্বে খেলে আসা পোল্যান্ডের দশম মিশন কেমন হয় তা অনেকটাই লেভানডফস্কির স্কোরিং ক্ষমতার ওপর নির্ভর করছে।

আন্তর্জাতিক ফুটবলে ১১ বারের দেখায় আর্জেন্টিনা ৬ বার জিতলেও, পোল্যান্ড জিতেছে ৩ বার। ১৯৭৪ ও ১৯৭৮ বিশ্বকাপেও গ্রুপপর্বে দুদল একই গ্রুপে পড়েছিল। ১৯৭৪-এ প্রথম রাউন্ডে পোল্যান্ড হারিয়েছিল আর্জেন্টিনাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত