পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেটে ফিরছেন সৌরভ

আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:৪৮ পিএম

ছিলেন রাজ্যে, আরও বড় পরিসরে কাজ করতে দায়িত্ব পেয়েছিলেন কেন্দ্রের। কিন্তু কেন্দ্রে আর থাকা হচ্ছে না সৌরভ গাঙ্গুলির। ভারতের সাবেক অধিনায়ক ক্রিকেট প্রশাসক হিসেবে আবার ফিরে যাচ্ছেন সেই রাজ্যেই। কাল আনুষ্ঠানিকভাবে ভারতীয় বোর্ডের প্রেসিডেন্টের পদ ছাড়ার পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের নির্বাচনে লড়ার জন্য মনোনয়নপত্র জমা দেবেন ভারতের সাবেক অধিনায়ক। বিষয়টি সৌরভ নিজেই নিশ্চিত করেছেন, ‘সিএবি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আগেও পাঁচ বছর কাজ করেছি। আইন অনুসারে আরও চার বছর করতে পারব। ২০ অক্টোবরের মধ্যে প্যানেল চূড়ান্ত করে ২২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা আছে।’ ৩১ অক্টোবর সিএবির নির্বাচন হওয়ার কথা। সৌরভ পশ্চিমবঙ্গ রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত। এরপর তিন বছর কাটিয়েছেন বিসিসিআইতে। তবে সৌরভের রাজ্য ক্রিকেটে ফেরার বিষয়টি চমক জাগানিয়া। এ পদে নির্বাচন করার কথা ছিল তার বড় ভাই স্নেহাশীষ গাঙ্গুলির। স্নেহাশীষ বর্তমান কমিটির সেক্রেটারি। আর প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, যিনি আইপিএল গভর্নিং কাউন্সিলে চলে যাচ্ছেন। ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত