ইরানের কুখ্যাত ইভিন কারাগারে শনিবার ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন বন্দীর মৃত্যু হয়েছে।
ইরানে বেশ কয়েক সপ্তাহ ধরেই চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, পুলিশ হেফাজতে একজন নারীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের মধ্যে এমন ঘটনা সরকারের উপর চাপ বাড়িয়েছে।
বিচার বিভাগীয় কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়, এরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এছাড়া ৬১ জন বন্দী আহত হয়েছেন, যাদের চারজনের অবস্থা গুরুতর।
ইভিন কারাগারে শত শত রাজনৈতিক বন্দী আছে, এর পাশাপাশি সাধারণ অপরাধীদেরও সেখানে রাখা হয়।
কর্তৃপক্ষ বলছে, কারাগারের ভেতর একটি ওয়ার্কশপে দুদল বন্দীর মধ্যে মারামারির পর সেখানে আগুন লাগে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে আগুন আর ধোঁয়া উড়ছে। সেই সঙ্গে শোনা যায় বন্দুকের গুলি আর বিস্ফোরণের শব্দ।
রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।
