সরকার মরণ কামড় দেবে, আমরাও প্রস্তুত: টুকু

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৮:৩৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘নিশিরাতের ভোট চোর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে মরণ কামড় দিতে চাইবে, কিন্তু তা মোকাবিলায় আমরা প্রস্তুত।’

সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানান কর্মসূচি ছাড়াও নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

টুকু বলেন, ‘সরকারের পায়ের তলায় মাটি সরতে শুরু করেছে। তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় টিকে থাকতে শেষবারের মতো মরণ কামড় দিতে চাইবে। কিন্তু এবার আমরাও প্রস্তুত। রাজপথে থেকে স্বৈরাচারের বিষদাঁত ভেঙ্গে দেবো। হয় জীবন, না হয় মরণ। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করে তবেই ঘরে ফিরে যাব। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব প্রাণ।’

নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, ‘প্রস্তুতি নিতে শুরু করুন। এই ফ্যাসিবাদকে এখনই রুখে দাঁড়াতে না পারলে দেশ থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে না। শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নয়; দেশের ভবিষ্যতকে সুন্দর করতে, স্বাধীনতা যুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে, মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে এবারের যুদ্ধে জয়লাভ করতেই হবে।’

মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীনের সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন যুবদল নেতা ওমর ফারুক মুন্নাসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত