ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনসের (আইওএসকো) এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। মরক্কোয় অনুষ্ঠিত আইওএসকোর ৪৭তম বার্ষিক সভায় অংশ নিয়ে এ দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০২২-২৪ সাল সময়কালের জন্য এ দায়িত্ব পালন করবেন।
গত ২৪ জুলাই অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আইওএসকো এশিয়া প্যাসিফিক রিজিওনালের ভাইস চেয়ার পদে নির্বাচিত হন। সারা বিশে^র পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের নিয়ে গঠিত আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানে এমন অর্জন বাংলাদেশের জন্য এই প্রথম। আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হওয়ায় আন্তর্জাতিক পুঁজিবাজারের নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, সারা বিশ্বের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলো নিয়ে গঠিত প্রতিষ্ঠান আইওএসকোর ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ২৩৩টি। এসইসি ২০১৩ সালের ২১ ডিসেম্বর আইওএসকোর সদস্য হয়। সংস্থাটির ৪টি আঞ্চলিক কমিটির মধ্যে এশিয়া প্যাসিফিক রিজিওনাল অন্যতম। বর্তমানে ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের ২১টি দেশ এই আঞ্চলিক কমিটির সদস্য।
