দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আহরণে ঘাটতি দাঁড়িয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। এ সময়ে বন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্য ছিল ১৩৩ কোটি ৯৪ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ১০০ কোটি ১১ লাখ টাকা।
হিলি স্থল শুল্ক স্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় ১৫০ কোটি টাকা বাড়িয়ে চলতি ২০২২-২৩ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্য ৬০৬ কোটি ২৮ লাখ টাকা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই হিসাব মোতাবেক অর্থবছরের প্রথম জুলাই মাসে বন্দর থেকে ৪২ কোটি ৭৪ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ২৪ কোটি ৩৮ লাখ টাকা। আগস্টে ৪৯ কোটি ৬ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৩৮ কোটি ৭৪ লাখ টাকা। সেপ্টেম্বরে ৪২ কোটি ১৪ লাখ টাকার বিপরীতে আহরণ হয়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা। ২০২১-২২ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্য ছিল ৪৫৩ কোটি ৭০ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছিল ৪২৯ কোটি ৯ লাখ টাকা। এতে করে ওই অর্থবছরে রাজস্ব আহরণে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছিল ২৩ কোটি ৭৯ লাখ টাকা।
