রাবিতে দুদিনব্যাপী ‘চিহ্ন মেলা’ শুরু

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:২৬ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ছোটকাগজের চিহ্ন মেলা। বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘চিহ্ন’ দুদিনের এই মেলার আয়োজন করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ভারতের লিটলম্যাগ ব্যক্তিত্ব সন্দীপ দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ।

জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দুই বাংলার লেখক ও পাঠকদের এই সম্মিলনের উদ্বোধন করা হয়। এরপর ক্যাম্পাসে লেখক-পাঠক-সম্পাদকরা শোভাযাত্রা বের করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার, অর্থনীতিবিদ ও লেখক গবেষক সনৎ কুমার সাহা, কবি জুলফিকার মতিন, সহ-উপাচার্য সুলতান-উল-ইসলাম, বাংলা একাডেমির উপপরিচালক আমিনুর রহমান সুলতান, ‘চিহ্ন’ সম্পাদক শহীদ ইকবাল প্রমুখ।

আয়োজকরা জানান, এবারের দুদিনব্যাপী চিহ্ন মেলায় বাংলাদেশের ১০৫টি এবং ভারতের ৬৫টি ছোট কাগজ অংশ নিচ্ছে। এবারের মেলায় লিটলম্যাগ সম্মাননা পাচ্ছে চট্টগ্রাম থেকে প্রকাশিত আলী প্রয়াসের ছোট কাগজ ‘তৃতীয় চোখ’ এবং কলকাতা থেকে প্রকাশিত অমলিন্দু বিশ্বাসের ‘নৌকো’। এবারে চিহ্ন সাহিত্য পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক হামিদ কায়সার। চিহ্ন সারস্বত সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত