টিসিবি কার্ডে মিলছে না পেঁয়াজ

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০২:১৯ এএম

সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্যে সরকারের ভর্তুকি মূল্যে চিনি, ডাল, তেল বিক্রি শুরু করেছে। তবে রান্নার কাজে বহুল ব্যবহৃত পেঁয়াজ পাচ্ছেন না কার্ডধারীরা। ডিলারদের দাবি, জোগানের অভাবে ফ্যামিলি কার্ডের পেঁয়াজ বিক্রি বন্ধ রয়েছে।

গতকাল সোমবার সকালে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল সংলগ্ন কাউন্সিলর কার্যালয়ে অক্টোবর মাসের পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

অনুষ্ঠানে সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, কিউআর কোডযুক্ত (কুইক রেসপন্স কোড) কার্ড ব্যবহার করে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। কার্ড বিতরণে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, সবচেয়ে বড় অংশ ঢাকার বাইরে আছে। ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ডের যে মেম্বার (ইউপি সদস্য) আছেন তিনি একটা তালিকা করেন। চেয়ারম্যানের নেতৃত্বে একটা যাচাই বাছাই কমিটি আছে। সেখানে একজন সরকারি কর্মকর্তা দেখছেন। তারপর সেই তালিকা আসছে উপজেলায়, সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা পরিষদ চেয়ারম্যান যাচাই বাছাই করেন। কোথাও কোনো ভুল হলে আমরা রিপ্লেস করতে পারি। এখনো কোথাও এ অভিযোগ নেই যে ধনিরা এ কার্ড পাচ্ছে। এ রকম দেখবেন না।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, মন্ত্রণালয় থেকে উপসচিব পর্যায়ের ৪০ জন কর্মকর্তাকে ৬৪ জেলায় পাঠিয়েছি। তারা কিছু স্যাম্পল কালেকশন করবে। সেটার মাধ্যমে যাচাইয়ের একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। যে বাছাইগুলো হয়েছে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে, আদৌ আছে কি না সেটা সমাধানের চেষ্টা করা হবে। কোনো অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত