শ্রীলংকার ঘুরে দাঁড়ানো, নাকি ফের অঘটন!

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০১:২০ পিএম

এশিয়া কাপের স্মৃতি তো এখনও তাজাই রয়েছে। দেশের অর্থনৈতিক ভঙ্গুর দশার মতোই ছিল শ্রীলংকার ক্রিকেট দলটি। যার প্রমাণ মিলেছিল উদ্বোধনী ম্যাচেই। টুর্নামেন্টের আয়োজক দেশটি ৯ উইকেটে হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে। আগে ব্যাটিংয়ে নেমে পারফরম্যান্স ছিল হতশ্রী। অথচ গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় তারা। শেষ পর্যন্ত জিতে নেয় শিরোপাও। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও কি একই দৃশ্য ধরা দেবে!

এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন শেষে নিজ দেশে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে উৎসবে মেতেছিলেন দাসুন শানাকারা। তাদের জয়ে এমন সকাল বহুদিন পর দেখেছিল কলোম্বো। তবে এবার মঞ্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে শ্রীলংকার যাত্রাটা শুরু ঐ একইভাবে। অপেক্ষাকৃত দুর্বল নামিবিয়ার বিপক্ষে তারা হেরে গেছে ৫৫ রানের বড় ব্যবধানে। যেমনটি হয়েছিল এশিয়া কাপেও। তবে আজ দুপুর ২ টায় তারা খেলতে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। নামিবিয়ার সঙ্গে হারের পর প্রশ্ন ওঠা স্বাভাবিক, এই ম্যাচ দিয়ে কি ঘুরে দাঁড়াবে শ্রীলংকা? নাকি আরও একটা অঘটনের অপেক্ষা!

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ড্র করেছিল শ্রীলংকা। ওয়ানডে সিরিজেও প্রথম ম্যাচ হেরে পরের তিনটি টানা জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল তারা। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে পাকিস্তানের কাছে প্রথম টেস্টে পরেরটা জিতে সিরিজ ড্র করেছিলেন করুনারত্নেরা।

লংকানদের কাছে বিষয়টা এমন যে, শুরুতে একটি সতর্কবার্তা প্রয়োজন তাদের। যেন শেষে ভালো করা যায়। এশিয়া কাপের পর বিশ্বকাপে নামিবিয়ার কাছে হারকে তেমন সতর্কবার্তা বলেই মনে করছে লংকানরা।

লঙ্কান পেসার চামিকা করুনারত্নে বলেন, ‘আগের দিন আমরা ম্যাচটা হেরে গেছি। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, আমাদেরকে অবশ্যই জিততে হবে পরের দুই ম্যাচে। আমি বিশ্বাস করি, দলের খেলোয়াড়রা সবাই এটা জানে এবং পরের দুই ম্যাচ জেতার জন্য আমাদের নিজেদেরকে শতভাগ উজাড় করে দিতে হবে।’

অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে হলে পরের দুই ম্যাচে অবশ্যই জিততে হবে শ্রীলংকাকে। তারা জানে, প্রথম ম্যাচে বড় পরাজয়ের কারণে পরের দুই ম্যাচেও তাদের বড় ব্যবধানে জিততে হবে। না হয়, বিশ্বকাপের মূল পর্বে যাওয়াটাই তাদের কঠিন হয়ে যাবে। একই সঙ্গে বৃষ্টির চোখ রাঙ্গানি তো রয়েছেই।

সবাই ভালো খেলছে উল্লেখ করে করুনারত্নে বলেন, ‘এখনও পর্যন্ত গ্রুপে চার দলের সবাই ভালো খেলেছে। এমনকি আরব আমিরাত এবং নেদারল্যান্ডস ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ ওভারে এসে। সুতরাং, আমরা জানি না সামনে কী হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত