পাকিস্তান যাবে না ভারত, এশিয়া কাপ হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ০৩:৩৩ পিএম

এশিয়া কাপের ষোলতম আসর শেষ হয়েছে গত মাসেই। সেখানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা। আগামী বছর রানার্স-আপ বাবর আজমদের দেশেই একদিনের ক্রিকেটের ফরম্যাটে বসতে যাচ্ছে টুর্নামেন্টের ১৭তম আসর। তবে এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত এই টুর্নামেন্ট খেলতে যাবে কি না তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা-কল্পনা।

অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না ভারত। বোর্ডের সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। এশিয়া কাপ পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ দেশেও হতে পারে বলে আভাস দিয়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’

পরের বছর ৫০ ওভারের এশিয়া কাপ হবে। সেই প্রতিযোগিতা খেলতে বাবর আজ়মদের দেশে গিয়ে ভারত খেলতে পারে কি না সেই নিয়ে বোর্ডে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। বোর্ড খেলার সিদ্ধান্ত নিলেও প্রয়োজন ছিল সরকারি অনুমোদন। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল যে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত