মোবাইল ব্যবহার করার মাধ্যমে তাদের জীবনযাত্রার উন্নতি ঘটেছে বলে মনে করছে বাংলাদেশের বেশির ভাগ মানুষ। টেলিনর এশিয়ার এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে, দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
সম্প্রতি এশিয়ার আটটি দেশে ৮ হাজার মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর ওপর একটি সমীক্ষা পরিচালনা করে টেলিনর এশিয়া। টেলিনরের ২৫ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামে এ সমীক্ষা চালানো হয়। ‘ডিজিটাল লাইভস ডিকোডেড’ শীর্ষক এ সমীক্ষার ফলাফলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে পাঁচটি বিষয় তুলে ধরা হয়।
সমীক্ষা থেকে দেখা যায়, ‘অলওয়েজ-অন’, অর্থাৎ সব সময় সক্রিয় থাকবেন, এমন জীবন যাপন করার ইচ্ছা প্রকাশ করেন বেশির ভাগ মানুষ। বাংলাদেশের ৯১ শতাংশ উত্তরদাতা মনে করেন, মোবাইল ব্যবহার করার মাধ্যমে তাদের জীবনযাত্রার উন্নতি ঘটেছে। সব মিলিয়ে এ ক্ষেত্রে নারীরা এগিয়ে আছেন; এই অঞ্চলে জীবনের মান বিশেষভাবে উন্নত হয়েছে প্রসঙ্গে, ৫২ শতাংশ পুরুষের তুলনায় ৬৩ শতাংশ নারী ইতিবাচক জবাব দিয়েছেন। এ ছাড়া বাংলাদেশে মোবাইল ফোনের কারণে তাদের জীবনমান উন্নত হয়েছে মনে করেন ৫৯ শতাংশ নারী এবং ৫০ শতাংশ পুরুষ। সমীক্ষার ফল প্রকাশে গতকাল মঙ্গলবার গ্রামীণফোন স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন গ্রামীণফোনের চেয়ারম্যান ও টেলিনর এশিয়ার প্রধান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ।
সমীক্ষায় উঠে এসেছে, বাংলাদেশে শতকরা ৯১ ভাগ ব্যবহারকারী দিনের অন্তত অর্ধেক সময় তাদের ফোন ব্যবহার করেন। বাংলাদেশি উত্তরদাতাদের মধ্যে ৯৭ শতাংশ প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের বিষয়ে চিন্তিত।
