বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানির জন্য আগামী বছরের ৩ জানুয়ারি দিন ধার্য করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘মামলাটি আজকের (গতকাল) কার্যতালিকায় শুরুতে ছিল। আদালতে বলেছি, মামলাটি অনেক বড়। ১০টি ভলিউমের নথি। এগুলোর ওপর প্রস্তুতি নিতে আমাদের সময় লাগবে। হাইকোর্ট তখন শুনানির জন্য এ দিন (৩ জানুয়ারি) ধার্য করেন।’
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল (ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড) ঘাট থেকে ১০ ট্রাক অস্ত্রের চালানটি আটক করা হয়। এ ঘটনায় চোরাচালান ও অস্ত্র আইনে দুটি মামলা হয়। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় দেয়।
রায়ে চোরাচালানের মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী (যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদন্ড কার্যকর), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিমসহ (ইতিমধ্যে মারা গেছেন) ১৪ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়।
এছাড়া অস্ত্র আইনের মামলায় এই ১৪ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। এরপর মৃত্যুদন্ড ও যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে আসে। ওই বছরের এপ্রিলে কারাগারে থাকা মৃত্যুদন্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট।
