এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৩:৩০ পিএম

সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেড থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৮৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার।

সচিব জানান, সভায় সরকারি ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ২টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালেয়ের ৩টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৫৫ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা।

অতিরিক্ত সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ঢাকা মেঘনা ভোজ্যতেল শোধনাগার লিমিটেডের কাছ থেকে ১৮৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লিটার ১৭১ দশমিক ৮৫ টাকা, আগে যা ছিল ১৮৫ টাকা।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব টেবিলে উত্থাপন করা হয়। সেগুলো হলো, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ ৮৭ কোটি ৯৭ লাখ ২৫ হাজার টাকা। প্রতি লিটার ১৫৯ দশমিক ৯৫ টাকা, যার পূর্ব মূল্য ছিল ১৮৫ টাকা।

এছাড়া টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৭০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। প্রতিকেজির দাম ৮৮ দশমিক ৭৩ টাকা, যার পূর্ব মূল্য ছিল ১১০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত