ধর্ষণের অভিযোগ মীমাংসার চেষ্টা ইউপি সদস্যের!

আপডেট : ২০ অক্টোবর ২০২২, ০৬:২৮ এএম

ঢাকার ধামরাইয়ে চকলেটের লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার সবজির ব্যবসায়ী রতন কুমার সাহার (৬০) বিরুদ্ধে। বর্তমানে শিশুটি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি গত শুক্রবারের হলেও শিশুটির পরিবার রতন কুমারের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারেনি। শিশুটির মায়ের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঠান্ডু বিষয়টি মীমাংসার দায়িত্ব নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে বাধা দিয়েছেন। তবে ঠা-ুর দাবি, তিনি নিজের পকেটের টাকা দিয়ে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেছেন। তার মায়ের অভিযোগ ভিত্তিহীন। 

স্থানীয়রা জানায়, গত শুক্রবার ৮ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ির পাশেই একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে রতন কুমার সাহা তাকে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকারের শব্দ শুনে হক সাহেব নামের এক প্রতিবেশী দৌড়ে গেলে রতন সেখান থেকে পালিয়ে যান। পরে মেয়েটিকে উদ্ধার করে তিনি তাকে বাড়িতে পৌঁছে দেন। শনিবার মেয়েটির অবস্থা খারাপ হলে তাকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়েকে রতন সাহা ধর্ষণ করায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় ঠা-ু মেম্বারকে জানালে তিনি আমাকে আর অভিযুক্ত রতন সাহাকে ডেকে আমার হাতে ৫ হাজার টাকা দিয়ে হাসপাতালে পাঠান।

তিনি আরও বলেন, ঠা-ু মেম্বার আমাকে বলেছিলেন আমার মেয়ে সুস্থ হলে বিষয়টি তিনি মীমাংসা করে দেবেন। কিন্তু তারা আমার মেয়ের আর কোনো খোঁজখবর নেয়নি, উল্টো আমাদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন যেন থানা পুলিশ না করি। আমার স্বামী আইসক্রিম বিক্রি করে সংসার চালায়। আমি আমার মেয়েকে নির্যাতনের সুষ্ঠু বিচার চাই।

তবে নান্নার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঠান্ডু বলেন, ধর্ষণের ঘটনায় ৮ বছরের শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি আমি জানি। ঘটনার পরদিন উভয়পক্ষ আমার কাছে এসেছিল। পরে আমি আহত শিশুটিকে অভিযুক্তের কাছ থেকে দুই হাজার এবং আমার নিজ থেকে তিন হাজার টাকা দিয়ে দ্রুত হাসপাতালে পাঠাই।

ধামরাই থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ভুক্তভোগী শিশুটির মা মঙ্গলবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত